সোহার বিয়েভীতি!
সোহা আলী খানের ভাই সাইফের বিয়ে নিয়ে বলিউডে অনেক দিন ধরে আলোচনা চলছে। কিন্তু কোনোভাবেই বিয়ের দিনক্ষণ ঠিক করা যাচ্ছে না। অন্যদিকে সোহা আলী খানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে কুনাল খেমুর সঙ্গে। প্রেমের সম্পর্ক থাকলেও সোহার নাকি বিয়ে নিয়ে একধরনের ভীতি কাজ করছে। শুধু তাই নয়, বিয়ের কথা নাকি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীকে দুর্বল করে দেয়। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সোহা আলী খান বলেন, ‘আমি আসলে এখনো দায়িত্বশীল মানুষ হতে পারিনি। বলা যেতে পারে সেই অর্থে এখনো বড় হতে পারিনি। তা ছাড়া আমি নিজেকে এখনো বিয়ের উপযুক্ত বলে মনে করছি না। আর তাই সহসায় আমি বিয়ে করতে আগ্রহী নই।’সম্প্রতি খবর বেরিয়েছিল, সামনে অক্টোবরে সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ে হবে। এ ব্যাপারে সাইফের বোন সোহা আলী খানের ভাষ্য, সাইফ ও কারিনার বিয়ের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।