সোহেল রানার পদত্যাগ
মেয়াদকাল শেষ হওয়ার আগেই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। জানা গেছে, চলচ্চিত্রের গ্রেডেশন বাস্তবায়ন না হওয়ার পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দিন চারেক আগে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। শুধু সেন্সর বোর্ড থেকে নয়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকেও লম্বা ছুটি নিয়েছেন তিনি।প্রথম আলো ডটকমকে সোহেল রানা বলেন, ‘গত বেশ কয়েক দিন ধরেই আমি শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় সেন্সর বোর্ডের কার্যক্রম চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তা ছাড়া চিকিত্সক আমাকে যেকোনো ধরনের চাপযুক্ত কাজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বলতে পারেন চাপমুক্ত থাকার জন্যই সেন্সর বোর্ডের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছি।’পদত্যাগ করার ক্ষেত্রে শুধুই কি শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো বিষয়ও কাজ করেছে—এমন প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, ‘শারীরিক অসুস্থতাও আছে। তবে এটা ঠিক যে এর মধ্যে অন্য কারণও রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সেন্সর সনদের বদলে চলচ্চিত্রের গ্রেডেশন নিয়ে কথা বলে আসছিলাম। কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো অগ্রগতি দেখছি না। দীর্ঘদিন ধরে শুনে আসছি গ্রেডেশনের ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। এটা নিয়ে আমার মধ্যে এক ধরনের মানসিক চাপ কাজ করছিল। তবে এত দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে সেন্সর বোর্ডের অন্য সদস্যদের কাছ থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি।’চলচ্চিত্রের গ্রেডেশন বাস্তবায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সম্মত হয়, তাহলে কি পদত্যাগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে—এমন প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, ‘চলচ্চিত্রের গ্রেডেশন ব্যাপারটি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের হবে। আর সেন্সর বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে ওই পদটির জন্য যোগ্য মনে থাকে, তাহলে দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই। তা ছাড়া আমার চাওয়াটাই তো হচ্ছে চলচ্চিত্রের গ্রেডেশন ব্যাপারটি বাস্তবায়িত হওয়া।’এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতির পদ থেকে লম্বা ছুটির কারণ হিসেবে সোহেল রানা বলেন, ‘আমি আগেই বলেছি শারীরিক অসুস্থতার কারণে চিকিত্সক আমাকে পুরোপুরিভাবে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। এ সময়ে কোনো কাজকর্ম করার ওপর তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। এমতাবস্থায় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা অসম্ভব। আমি সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলমসহ পুরো কার্যনির্বাহী পরিষদের কাছ থেকে ছুটি নিয়ে বর্তমানে বিশ্রামে আছি।’