
নারীর চিরায়ত সৌন্দর্য এবং তার অন্তর্যাতনা একই সঙ্গে নিরীক্ষাধর্মী কাজের মধ্য দিয়ে তুলে ধরলেন তরুণ প্রজন্মের শিল্পী নূরুন নাহার। গতকাল বৃহস্পতিবার থেকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ‘সূক্ষ্ম জালে নারী’ শীর্ষক তাঁর দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী।
বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন। প্রদর্শনীতে অ্যাক্রিলিকে আঁকা ২২টি শিল্পকর্ম রয়েছে।
সমাজের প্রথাগত অনুশাসন, রীতি-রেওয়াজ নারীকে বৃত্তাবদ্ধ করে রাখে। আটকে রাখে একটি গণ্ডির মধ্যে। তার স্বাধীন চিন্তা-ভাবনার অধিকারটি পর্যন্ত রুদ্ধ করে রাখতে চায়। এ বিষয়টিকে শিল্পী প্রতীকীভাবে উপস্থাপন করেছেন। মাকড়সার জালে যেমন ছোট ছোট কীটপতঙ্গ আটকে যায়, তেমনিভাবে আটকে আছে নারীরাও। এখানে নারী নিঃসঙ্গ, একাকিনী। তার এই অন্তর্গত যন্ত্রণার সহমর্মী কেউ নেই। এই বন্দিত্ব থেকে মুক্তির আকুতি তুলে ধরেছেন শিল্পী। নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন।
আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।