সৌন্দর্যের বিচারক জুয়েল আইচ!
জাদুশিল্পী জুয়েল আইচ এবারে লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২ প্রতিযোগিতার বিচারক হয়েছেন। এ বিচারকাজে তাঁর সঙ্গে সহ-বিচারক হিসেবে আরও আছেন অভিনয়শিল্পী আফসানা মিমি ও তৌকীর আহমেদ।প্রথম আলো ডটকমকে জুয়েল আইচ বলেন, ‘এর আগে বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনে বসেছিলাম। তবে টিভি রিয়েলিটি শোতে প্রথম বিচারক হিসেবে কাজ করি মার্কস অলরাউন্ডার অনুষ্ঠানে। এতে আমার সঙ্গে আরও ছিল অপি করিম ও হাবিব ওয়াহিদ। এবারই প্রথম সুন্দরী প্রতিযোগিতার বিচারকের আসনে বসলাম। এটি টেলিভিশন রিয়েলিটি শোতে আমার দ্বিতীয়বারের মতো বিচারক হওয়া।’বিচারকাজের অভিজ্ঞতা সম্পর্কে জুয়েল আইচ বলেন, ‘এরই মধ্যে আমরা বেশ কয়েকজন প্রতিযোগীর মুখোমুখি হয়েছি। সেখান থেকে ১০ জনকে নির্বাচন করেছি। আমার কাছে মনে হয়েছে অনুষ্ঠানটি অনেক বেশি আকর্ষণীয় এবং বেশ সম্ভাবনাময় প্রতিযোগীরাই এখানে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আছে।’জুয়েল আইচ আরও বলেন, ‘চাইলেই তো আর সব সময় ভালো প্রতিযোগী পাওয়া সম্ভব নয়। এবার সত্যিকার অর্থেই অনেক ভালো প্রতিযোগী আমরা পেয়েছি। তারা ভবিষ্যতে নিজেদের যোগ্যতার প্রমাণও রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’কথা প্রসঙ্গে জানা গেছে, আগামী জুলাইয়ে জুয়েল আইচ যুক্তরাষ্ট্রের লাসভেগাসে প্রায় দুই হাজার ২০০ জাদুশিল্পীর উপস্থিতিতে ক্ল্যাসিক ম্যাজিক ও আধুনিক ম্যাজিকের ওপর একটি কনভেনশনে অংশ নেবেন।