সৌমিত্রর মেয়ে বললেন, ‘বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন’
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মেয়ে পৌলমী বসু জানিয়েছেন, ‘বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ১ শতাংশ হলেও তিনি সুস্থ হচ্ছেন।’
বাবার সুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে খবর ছড়ানো হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করেন পৌলমী। তিনি ফেসবুক পেজে বলেন, ‘যেভাবে হাসপাতালের আইসিইউতে বাবার ছবি এবং মেডিকেল বুলেটিন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তাতে আঘাত ও দুঃখ পেয়েছি। আপনাদের কাছে অনুরোধ, যে গোপনীয়তা ও শ্রদ্ধা বাবার প্রাপ্য, তা তাঁকে দেওয়া হোক। পরিবারের তরফ থেকে আমার অনুরোধ, এ ধরনের তথ্য ও ছবি ছড়াবেন না। গুজবেও কান দেবেন না।’
গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়াতে থাকে। অনেকে ফেসবুকে ‘বিদায় সৌমিত্র’ বলে পোস্ট দিয়ে দেয়। পরে অবশ্য এসব ভুয়া পোস্ট তুলে নেওয়া হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গতকাল জানিয়েছে, সৌমিত্রর চিকিৎসার খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। চিকিৎসার জন্য সৌমিত্রের পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যে অর্থ জমা দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সৌমিত্রর ইসিজি ও ইকোর পরীক্ষা হয়েছে। আজ হবে করোনার নমুনা পরীক্ষা। প্রোস্টেট ক্যানসার, সিওপিডি, প্রেসার, সুগার রয়েছে সৌমিত্রর। তাঁর চিকিৎসার জন্য গড়া ১৬ সদস্যের মেডিকেল দল নজরদারি চালাচ্ছে। রাজ্য সরকারও সৌমিত্রর চিকিৎসায় সহায়তা করার জন্য ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করেছে।