সৌমিত্রের অবস্থা আপাতত স্থিতিশীল

‘চিকিৎসকেরা জানিয়েছেন, বাবার বাঁ ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে বাবা আগের চেয়ে ভালো আছেন। কথা বলছেন। চিকিৎসকদের মতে, পরিস্থিতি জটিল না হলে বাবাকে সাত থেকে আট দিন হাসপাতালে থাকতে হতে পারে।’ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন তাঁর মেয়ে নির্দেশক ও নাট্যাভিনেত্রী পৌলমী বসু। তিনি আরও জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। যেহেতু ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে, তাই বাইরের কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যমকে চিকিৎসকেরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। তবে তাঁর ব্যাপারে পুরোপুরি আশঙ্কামুক্ত হতে পারছেন না চিকিৎসকেরা। কারণ, নিউমোনিয়ার পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তাঁর। সবকিছু মিলিয়ে তিনি কাবু হয়ে পড়েছেন। নিউমোনিয়া ছাড়াও সোডিয়াম ও পটাশিয়ামসংক্রান্ত সমস্যা আছে। চিকিৎসকদের মতে, তাঁর সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) হয়েছে।

গতকাল বুধবার সকালে কলকাতার গলফ গ্রিনে নিজ বাড়িতে সৌমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ অসুস্থ হন। জ্বর আর শ্বাসকষ্টের কারণে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত রুবি হাসপাতালে নিয়ে যান। বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা দেখে একমুহূর্ত দেরি না করে চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করেন এবং চিকিৎসা দেন। হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় চিকিৎসক সুনিপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আছেন। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চারজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণ করছেন।
গতকাল বাবার অসুস্থতা নিয়ে পৌলমী বসু বলেছেন, ‘মঙ্গলবার রাতে বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। গায়ে যথেষ্ট জ্বর ছিল। চিকিৎসক এসে ওষুধ দেন, কিন্তু তাতে জ্বরের মাত্রা কমেনি। তখন চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।’
এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর জানাজানি হওয়ার পর টালিউডসহ সংস্কৃতি অঙ্গনের লোকজন উদ্বিগ্ন হন। অনেকেই তাঁর সর্বশেষ পরিস্থিতি জানার জন্য ছুটে যান হাসপাতালে। অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৪। এই বয়সেও তিনি চলচ্চিত্র আর মঞ্চে দাপিয়ে অভিনয় করছেন। অসুস্থ হওয়ার আগে তিনি ‘সাঁজবাতি’ ছবির শুটিং শেষ করেছেন। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব ও পাওলি দাম। যেদিন শুটিং শুরু হয়, সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক দেব লিখেছেন, ‘তাঁর মতো একজন কিংবদন্তির সঙ্গে পর্দায় আসতে ১৩ বছর লেগেছে। এই দিনটা আমার কাছে স্মরণীয় তো অবশ্যই, তার চেয়ে বেশি আবেগের। আপনি ভীষণ ভালো একজন মানুষ। আপনি নিজেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান।’
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। এই নাটকের অন্য রকম গুরুত্ব ছিল তাঁর কাছে। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হওয়ায় তা বাতিল করা হয়েছে।