সৌমিত্রের সঙ্গে দুই ঘণ্টার আড্ডা

‘অভিনয়ে না থাকা মানে জীবন থেকে খসে যাওয়া। অভিনয় ছাড়া আমি কিছু ভাবতে পারি না’— বললেন দুই বাংলার অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। খ্যাতিমান এই অভিনেতা শনিবার সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সাংবাদিক ও নাট্যকর্মীদের মুখোমুখি হয়েছিলেন। ভক্ত ও শুভানুধ্যায়ীরা নির্ধারিত সময়ে আগেই এসে উপস্থিত হন। চলে টানা ২ ঘণ্টাব্যাপী প্রাণবন্ত আড্ডা। অনেক কৌতূহলোদ্দীপক প্রশ্ন থাকলেও সময় বেঁধে দেওয়ায় জানা হয়নি অনেক কিছুই।
আজ শনিবার রাতে তাঁর নিজ দেশ ভারতের পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে তাঁর দল সংস্তব ‘ছাড়িগঙ্গা’ প্রযোজনাটি উপস্থাপন করেছে। সেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র। হল-ভর্তি দর্শক সেটি উপভোগ করেছে।
সকালে দু’ঘণ্টাব্যাপী আলাপচারিতার শুরুতেই সৌমিত্র শোনালেন তাঁর অভিনয়ে আসার ইতিহাস। তিনি বললেন, ‘বাবা একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন। অভিনয় ও আবৃত্তির প্রতি ঝোঁক ছিল তাঁর। কিন্তু তখনো অভিনয়কে পেশা হিসেবে নেওয়া যেত না। সে কারণেই হয়তো বেঁচে থাকার অবলম্বন হিসেবে ওকালতি পেশায় নিযুক্ত ছিলেন। কিন্তু একান্ত নিমগ্নতায় বাবাকে অভিনয় আর আবৃত্তিটাই করতে দেখেছি। এসব দেখেই এক সময় অভিনয় ও আবৃত্তির প্রতি আমার আগ্রহ বাড়ে। বাবা আমাকে বোঝাতেন, কীভাবে অভিনয় করতে হয়, আবৃত্তি করতে হয়। পরবর্তীতে কলকাতায় শিশির কুমার ভাদুড়ীর অভিনয় দেখে অভিনয়ের প্রতি ব্যাপক আগ্রহ বাড়ে।’
কথার মোড় ঘুরিয়ে তিনি বলেন, ‘অভিনয় যে করব, সে অঙ্গনে মানুষের ভালোবাসা কাড়ব, তা নিয়ে আমার মধ্যে এক ধরনের হীনম্মন্যতা ছিল। আপনারা নিশ্চয়ই আজকের এই প্রতিষ্ঠিত সৌমিত্রকে দেখে ভাবছেন এমন একজন লোকের অভিনয়ে আসার ক্ষেত্রে হীনম্মন্যতা কেন? কারণ, ছেলেবেলায় আমি দেখতে তেমন সুদর্শন ছিলাম না। ভাবতাম রুগ্ণ দেহ নিয়ে কীভাবে এ পথ পাড়ি দেব।’
চলচ্চিত্রের সঙ্গে কী করে সখ্য হলো, এ কথায় বলেন, ‘এমএ পড়াকালীন ‘পথের পাঁচালি’ চলচ্চিত্র নির্মাণ করে জগৎ বিখ্যাত পরিচালক তখন সত্যজিৎ রায়। এর দ্বিতীয় পর্ব হিসেবে তিনি “অপরাজিত” নামে একটি চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছিলেন। এ ছবির “অপু” চরিত্রের জন্য একজন অভিনেতা খুঁজছিলেন তিনি। সত্যজিৎ রায় সহকারীর এক বন্ধুর মাধ্যমে জানতে পারলেন, সৌমিত্র নামের একটি ছেলে অভিনয় করে। তা থেকেই আমার সেখানে যাওয়া। সত্যজিৎ বাবু আমাকে দেখামাত্র বললেন, “আরে না না, তোমার বয়সটা একটু বেশি মনে হচ্ছে”।’
সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের কাজের নিমগ্নতার ভূয়সী প্রশংসা করেন। একপর্যায়ে তিনি ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন এবং প্রশংসিত হন। সৌমিত্র বললেন, ‘এভাবেই শুরু। তারপর একের পর এক সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেছি। তখন আমি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করি।’
আড্ডাতেই জানা গেল, তিনি নাট্যকার ও সাহিত্যবিষয়ক পত্রিকার সম্পাদক। কৌতূহল থেকে এক গণমাধ্যমকর্মীর প্রশ্ন— কবে থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবি হয়ে ওঠা? জানালেন, কিশোর বয়সেই কবিতা লেখার শুরু। এর মূল উৎস অব্যক্ত কথা প্রকাশ করার প্রয়াস। একটু হেসে নাটকীয় ভঙ্গিতে বললেন, এখনকার সময়ে ছেলেরা যেমন যেখানে সেখানে মেয়েদেরকে নিজের গোপন কথাটি বলে দেয়, হাত ধরে ফেলে, আমাদের সময় সেটা সহজ ছিল না। সে অব্যক্ত বাসনা থেকেই কবিতা লেখার শুরু। এরই মধ্যে আরেক প্রশ্ন: যাঁকে উদ্দেশ করে কবিতা লেখা শুরু, তাঁকে যাপিত জীবনে পেয়েছিলেন কী না। তার সোজা উত্তর, ‘হ্যাঁ, পেয়েছি।’
কথা শুনে হাসলেন সমাগতরা।
নাটকের ভবিষ্যৎ নিয়ে জানালেন, অভিজ্ঞতা ও ত্যাগ কখনো বিফলে যায় না। যায়নি অতীতে, ভবিষ্যতেও যাবে না হয়তো। সেই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও মানুষের জীবনের সঙ্গে মিল রেখে কতটুকু প্রাসঙ্গিক আমাদের নাটক, সেটার ওপরও তা অনেকাংশে নির্ভর করে। এ ব্যাপারে বললেন, ‘কলকাতার পেশাদারি নাট্যচর্চার ইতিহাস প্রায় শত বছরের। সেটা বিকাশের মধ্যে দিয়ে এ পর্যন্ত পৌঁছেছে। কখনো সে গতি কমেছে, কখনো তা হয়েছে প্রাণবন্ত। এভাবে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে চলে এসব কর্মযজ্ঞ। তবে, আমরা অনেক সময় পেশাদারির সঙ্গে বাণিজ্যিকীকরণকে গুলিয়ে ফেলি। সব কথার বড় কথা হলো, আমাদের দায়। সর্বোত্তম ক্ষমতা দিয়ে সৃজনশীল মানুষকে তুষ্ট করতে হলে সে দায়কেই মূল উপজীব্য মনে করে নিতে হবে।’
টিভি, চলচ্চিত্র ও মঞ্চ এসব জায়গায় অভিনয় করতে গিয়ে নিজেকে কী আলাদা করে তৈরি করতে হয়? এমন প্রশ্নের জবাবে বললেন ‘প্রথমত অভিনয়। তারপর পরিবেশ বুঝে উপস্থাপনা। এতে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। যিনি ছবি আঁকেন, তিনি ছোট ক্যানভাসেও আঁকতে পারেন, বড় ক্যানভাসেও আঁকতে পারেন।’
সৌমিত্র চট্টোপাধ্যায় ব্যাখ্যা করে বললেন, একজন অভিনেতার কী কী গুণ থাকা প্রয়োজন। তিনি বলেন, ‘তিনিই সত্যিকার অভিনেতা, যিনি সমাজের ভাবনা-চিন্তা, অবস্থা প্রকারান্তরে বুঝিয়ে দিতে পারেন।’
অভিনয়ে আবৃত্তি চর্চার প্রয়োজন আছে কি না, সে প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভাষ্য, ‘এটা অভিনয়ে ভীষণ রকম দরকার। যারা এটা বোঝেন না, তারা এখনো চোখ বুঁজে আছেন। অভিনয়ের প্রারম্ভিক কাজ— কথা বলা, সেটা আবৃত্তিচর্চা ছাড়া হয় না।’ বললেন, ‘আমি প্রতিদিন সন্ধ্যাবেলা পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন থেকে আবৃত্তি এবং গান করি। সর্বোপরি একজন অভিনেতাকে চার অক্ষরের একটি শব্দকে আঁকড়ে রাখতে হয় তা হলো—ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিছু হয় না।’
বাংলাদেশ-ভারত মৈত্রী তৈরির পথে আরও একটি বিষয় ইতিবাচক হতে পারত তা হলো, ভারতে বাংলাদেশের চ্যানেল দেখানোর ব্যবস্থা করা। কিন্তু পশ্চিমবঙ্গে তথা ভারতে সেটি নেই। এর জন্য কি কোনো ধরনের শূন্যতা অনুভব করেন? এমন প্রশ্নের জবাবে সৌমিত্র বলেন, ‘এটাকে সাংঘাতিক পরিমাণে মিস করি। এ দেশের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকলেও এ রকম একটি প্রতিবন্ধকতা থাকাতে সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ থেকে উত্তরণ জরুরি।’