১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৭৫তম জন্মবার্ষিকী। অন্যদিকে তাঁর প্রথম ছবি সত্যজিতের অমরসৃষ্টি অপুর সংসার মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালের শেষদিকে। অর্থাত্ ‘অপু’রূপী সৌমিত্রের ৫০তম বার্ষিকী গত হলো কিছুদিন আগে। এ উপলক্ষে সৌমিত্রকে ‘আনন্দ’-এর শুভেচ্ছা। সেই সঙ্গে এখানে সৌমিত্রের ‘অপু’ হওয়ার গল্পটা তুলে ধরা হলো (২০০৭ সালে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি তাদের ২৫ বছর পূর্তিতে আয়োজন করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেকটিভ। তখন চলচ্চিত্রমের আমন্ত্রণে ঢাকায় এসে গণগ্রন্থাগার কেন্দ্রের সেমিনার কক্ষে দর্শকদের মুখোমুখো হয়ে গল্পটি শুনিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।): পথের পাঁচালী দেখে সবাই যখন মুহ্যমান; তখন শুনলাম সত্যজিত্ রায় এর সিক্যুয়েলঅপরাজিত করবেন। সে সময় আমি জানতাম না—ওঁরা কিভাবে লোক খুঁজে বেড়ান। একদিন কফি হাউসে যাচ্ছি, বন্ধু তপনের সঙ্গে দেখা। কথা বলার এক পর্যায়ে মনে হলো, আমাকে এনগেজড করে রাখার জন্যই কথা বলা। মাঝে মাঝে উল্টোদিকের ফুটপাতের দিকে তাকাচ্ছে। আমি তা টের পেয়ে জিজ্ঞেস করলাম—কে ও, কার দিকে তাকাচ্ছিস? বলল, তোকে খুলেই বলি—ও আমার বন্ধু, সত্যজিত্ রায়ের অ্যাসিস্ট্যান্ট, ওরা ‘অপু’ খুঁজছে—অপরাজিত-এর জন্য। তুই কি যাবি ওঁর সঙ্গে দেখা করতে? বললাম, সত্যজিত্ রায়ের যদি কাজে লাগে আমাকে, তাহলে আমি যেতে রাজি। সে ভদ্রলোককে ডেকে আলাপ করিয়ে দিল। তখনই বাসে ওঠে সোজা সত্যজিত্ রায়ের ওখানে। আমাকে দেখেই প্রথম কথা, ‘এ হে, আপনি যে একটু লম্বা হয়ে গেলেন!’ তারপর বসতে বললেন, অনেক কথা হলো। প্রোডাকশন ম্যানেজার অনীল চৌধুরীর পাশে দাঁড় করিয়ে খুব মনোযোগ দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে কী যেন দেখলেন। আমি ওঁর একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু নির্বাচিত হলাম না।ওঁর অ্যাসিস্ট্যান্ড সুবীর হাজরার সঙ্গে কফি হাউসে মাঝে মাঝে দেখা হতো। সে আমাকে বলতো, মানিকদা নাকি আমাকে দেখে রেখেছেন, পরে আবার ডাকবেন। আমি বিশ্বাস করতাম না। মনে হতো—ওটাতে নির্বাচিত হইনি, ফুরিয়ে গেছে, আবার কেন ডাকবেন? তখন অপরাজিত হয়ে গেছে, ভেনিসে গোল্ডেন লায়ন পেয়েছে। পরশপাথর ও জলসাঘর-এর কাজ চলছে। এ সময় আমার চিকেন পক্স হলো। সেরে ওঠে দেখা করতে গেলাম। ঢুকতেই তিনি বললেন,‘কই দেখি দেখি—না, সেরকম কিছুতো হয়নি, আমায় যে বললো ভীষণ দাগ হয়ে গেছে!’ জিজ্ঞস করলেন, এখনো অভিনয়ে আগ্রহ আছে? বললাম—হ্যাঁ, তা আছে। বললেন, ‘ঠিক আছে, আপনাকে আমার কাজে লাগবে, ভাবছি থার্ড পার্টটাও করবো।’ আমাকে লাগবে বলতে আমি কিন্তু বুঝিনি যে ‘অপু’র জন্য লাগবে। পরবর্তী সাক্ষাতে বললেন,‘আপনাকে আমার লাগবে, তবে তার আগে আমি আপনার ক্যামেরা ও ভয়েস টেস্ট নিব। যোগাযোগ রাখবেন।’ তারপর থেকে মাঝে মাঝে যেতাম। একদিন আবৃত্তি করতে বললেন। এসব দেখে মনে হয়েছিলো, কোনো একটা পার্ট হয়তো দেবেন। আমাকে যে ‘অপু’র জন্যে সিলেক্ট করেছেন তা তখনো বুঝিনি। আর আমাকে নিয়ে করা ক্যামেরা টেস্টটির যে কোনো দরকারই ছিল না, এটা আমি বুঝেছি অনেক পরে। আমি খেয়াল করলাম, তারা তখন শুধু আমার স্টিল তুলেছিলেন। তার মানে ফটোজেনিক্যালি কি ফটোগ্রাফিক্যালি কী আসবে আমার, সব আগেই দেখা হয়ে গিয়েছিল। ওইটুকু করেছিলেন ক্যামেরা সম্পর্কে আমার কনশাসনেসটা যাতে চলে যায়—সো দ্যাট আই মে ফিল ফ্রি ইনফ্রন্ট অব দ্যা ক্যামেরা ফর মাই বেনিফিট। আর সেটা করেছেন কত পরে, যখন অলরেডি আমাকে সিলেক্ট করে নিয়েছিলেন।ওঁ শ্যুটিং দেখতে যেতে বলেছিলেন। একদিন জলসাঘর-এর সেটে গেছি, সেদিন ছবিদাও (ছবি বিশ্বাস) ছিলেন। যেতেই মানিকদা বললেন, আসুন ছবিদার সঙ্গে আলাপ করিয়ে দিই। ছবিদার সামনে গিয়ে বললেন, এর নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার পরের ছবির অপু। শুনেই আমার মাথাটা কেমন জানি ঘুরে গেলো। সব তখন গৌণ হয়ে গেছে। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে—‘আমি অপু’। এতো আনন্দ হয়েছিলো যে, ইচ্ছে করছিলো ছুটে গিয়ে সক্কলকে খবরটা দিই। এভাবেই প্রথম জেনেছিলাম এবং আরো অনেক পরে জেনেছিলাম যে, আমাকে দেখেই তিনি তৃতীয় পর্ব নির্মাণের ব্যাপারে মনস্থির করেছিলেন। তিনি এই বাজারে যারা চলতি হিরো, তাদের কাউকে ভাবতেই পারতেন না নিজের ছবির রোমান্টিক নায়ক হিসেবে। ওঁর রোমান্টিক ইমেজের ধারনা একেবারেই আলাদা। তাই হয়তো আমাকে দেখে ওঁর মনে হয়েছিল—প্রতিশ্রুতিসম্পন্ন কেউ, যাকে দিয়ে চরিত্রটা করানো যায়। হয়তো এরকমই কিছু ভেবেছিলেন—আই ডোন্ট নো। এরপর আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে অপুর সংসার ছবির শুটিংয়ে চলে যাই।এক নজরে সৌমিত্র চট্টোপাধ্যায়জন্ম ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়ার কৃষ্ণনগরে। তিনি সত্যজিত্ রায়ের ১৫টি ছবিসহ প্রায় দেড়শত ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্র ছাড়াও তিনি টেলিভিশন, মঞ্চ ও যাত্রায় অভিনয় করেন। তিনি একই সঙ্গে অভিনেতা, কবি, আবৃত্তিশিল্পী ও নাট্য নির্দেশক। সৌমিত্র চট্টোপাধ্যায় শিল্পে অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ পদক অফিসিয়েঁর দ্যস আর্টস ইট মিটিরস লাভ করেন। এছাড়া পদ্ম শ্রী, পদ্ম ভূষণ ও ইতালি থেকে আজীবন সম্মাননাসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মানে ভূষিত হন। তিনি এখনও সক্রিয়। আশরাফুল হক তথ্যসূত্র: ওয়েবসাইট