সৌমিত্রের ‘বয়কট’
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো গত শনিবার। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তীসহ অনেক রথী-মহারথীর পদধূলি পড়েছে এবার এই উৎসবে। তবে কলকাতার মানুষ, প্রবীণ অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় বর্জন করেছেন এই আয়োজন।কয়েকটি সূত্র জানিয়েছে, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র সৌমিত্র চট্টোপাধ্যায় পেয়েছিলেন একদম শেষ মুহূর্তে। তবে সৌমিত্রের অভিযোগ, উৎসবটি আগের চরিত্র ও গাম্ভীর্য হারিয়েছে। কেন? সেটাও ব্যাখ্যা করেছেন এ বছর দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত এই অভিনেতা; বললেন, ‘কোনো দিন শুনেছেন, কোনো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামে হয়? এটা চলচ্চিত্র উৎসব, সার্কাস নয়। আগের মতো এবারও উৎসবটি নন্দন মিলনায়তনে আয়োজন করা উচিত ছিল।’উল্লেখ্য, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আইএএনএস।