
সেই যে ২৩ বছরের তরুণ নায়ক টাইটানিক-এ অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন, ২০ বছর পরও তাঁর মুখটি কি দর্শক সহজে ভুলতে পারে? তারপরও অস্কার পেতে ১৯ বছরের অপেক্ষা! কিন্তু এই বিশাল সময়টার মাঝখানে ‘জ্যাক’ চরিত্রটি থেকে তাঁকে বের করে এনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নিজস্ব পরিচয়ে পরিচয় করিয়ে দেওয়ায় কার অবদান সবচেয়ে বেশি?
রবার্ট ডি নিরোর সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা নির্মাণ করে ততদিনে হলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে ফেলেছেন মার্টিন স্করসেসে। গডফাদার মুভিটির পর তাঁর গুডফেলাসকে অন্যতম সেরা মাফিয়া মুভি হিসেবে বিবেচনা করা হয়। গত চার দশকে হলিউডের প্রভাবশালী ও সেরা পরিচালকদের তালিকায় স্করসেসের নাম অনেকের চেয়ে এগিয়ে থাকে। িডক্যাপ্রিওর সঙ্গে স্করসেসের পরিচয় হয় এই রবার্ট ডি নিরোর মাধ্যমে। ১৯৯৩ সালে নিরোর সঙ্গে এক ছবিতে অভিনয়ের সুযোগ হয় লিওনার্দো ডি ক্যাপ্রিওর। তখনই ডিক্যাপ্রিওর অভিনয়ে মুগ্ধ হয়ে স্করসেসের কাছে তরুণ এ নায়কের প্রশংসা করেন ডি নিরো। তারপর ১৯৯৭ সালে টাইটানিক মুক্তির পর স্করসেসে তো নিজ চোখেই িডক্যাপ্রিওর অভিনয়-মেধা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান।

২০০২ সালে মার্টিন স্করসেসের গ্যাংস অব নিউইয়র্ক-এ প্রথম কাজ করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ২০০৪ সালে স্করসেসেরই আরেক ছবি হাওয়ার্ড হিউজ (আমেরিকান ব্যবসায়ী, পাইলট ও পরিচালক)-এর জীবনী অবলম্বনে নির্মিত দ্য এভিয়েটর-এ অভিনয় করে ‘সেরা অভিনেতা’ বিভাগে প্রথম অস্কার মনোনয়ন জিতে নেন লিও। সে বছর ছবিটি ১১টি বিভাগে পেয়েছিল অস্কার মনোনয়ন। কিন্তু হায়, বিধিবাম। মনোনয়ন পেয়েও অস্কারমূর্তি লিওর অধরাই থেকে যায়। এর ঠিক দুই বছর পর দ্য ডিপার্টেড ছবিতে আবারও এক হন মার্টিন স্করসেসে ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এই ছবিটিও পূরণ করতে পারে না লিওনার্দোর অস্কার-স্বপ্ন। তবে স্করসেসে ঠিকই ঘরে তোলেন অস্কারের স্বর্ণমূর্তি।
স্করসেসে-িড ক্যাপ্রিও জুটির পরের চমকটি ২০১০ সালে আসে। আমেরিকান ঔপন্যাসিক ডেনিস লেহানের ‘বেস্ট সেলিং’ বই শাটার আইল্যান্ড-এর ওপর ভিত্তি করে স্করসেসে ছবি নির্মাণ করেন। এ ছবিতে প্রধান চরিত্র ‘টেডি ড্যানিয়েলস’-এর ভূমিকায় অভিনয় করেন ডিক্যাপ্রিও। দর্শক কি ক্যাপ্রিওর অভিনয়ে মুগ্ধ হবেন, নাকি স্করসেসের পরিচালনায়? ছবি মুক্তির পর এই দ্বিধায় পড়ে যান সবাই। এখন পর্যন্ত প্রথম দিনের বক্স অফিসের আয় বিবেচনায় স্করসেসের ছবিগুলোর মধ্যে এই শাটার আইল্যান্ড সবচেয়ে বেশি আয় করেছে।

এত ভারী ভারী প্রেক্ষাপট কিংবা প্লটের পর অবশেষে ২০১৩ সালে ডিক্যাপ্রিওকে তাঁর প্রিয় পরিচালক এমন একটি চরিত্র দিলেন, যাতে ছিল না কোনো ভারিক্কি ভাব। ছবিটির নাম দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট। মার্কিন পুঁজিবাজারের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে কত সহজে কোটিপতি হওয়া যায়, ছবিতে দেখা গেল সেই চিত্র। স্করসেসের নির্দেশনায় লিওকে পাওয়া গেল ভিন্নভাবে। এবং আয়ের দিক থেকেও স্করসেসের আগের শাটার আইল্যান্ড-কেও ছাপিয়ে গেল এটি।
মার্টিন স্করসেসের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও সৌভাগ্যের প্রতীক। কারণ এ জুটির করা পাঁচটি ছবি স্করসেসেকে এনে দিয়েছে মোটা অঙ্কের অর্থ, অস্কার পুরস্কারসহ নানা ধরনের সম্মাননা। বাণিজ্যিক দিক থেকে এই পরিচালক-অভিনেতা জুটির পাঁচটি ছবি সব মিলিয়ে আয় করেছে প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। অঙ্কটা আসছে দিন আরও বড় হতে যাচ্ছে। কারণ আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী থিওডর রুজভেল্টের জীবনীর ওপর ভিত্তি করে স্করসেসে তাঁর নতুন ছবির ঘোষণা দিয়েছেন। রুজভেল্ট চরিত্রে আর কেউ নন, স্করসেসে শুধু ডি ক্যাপ্রিওকেই ভেবেছেন। তাই বিলিয়নের কোটায় থাকা এ জুটি আয়ের হিসাবে সামনেই যোগ হতে পারে আরও মিলিয়নখানেক। আর ভাগ্য সুপ্রসন্ন হলে অস্কারও এ দফায় চলে আসতেই পারে এ জুটির ঘরে, আবারও।
মাসউদ ফোরকান, দ্য ইনডিপেনডেন্ট অবলম্বনে