স্কারলেট সন্তানসম্ভবা

স্কারলেট জোহানসন-রোমেইন ডরিয়াক
স্কারলেট জোহানসন-রোমেইন ডরিয়াক

প্রথম সন্তান প্রত্যাশা করছেন ‘দ্য অ্যাভেঞ্জারস’খ্যাত মার্কিন অভিনেত্রী, গায়িকা ও মডেল স্কারলেট জোহানসন।
তিন বছর আগে কানাডীয় অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১২ সালের নভেম্বরে ফরাসি সাংবাদিক ও একটি বিজ্ঞাপন সংস্থার কর্ণধার রোমেইন ডরিয়াকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান স্কারলেট।

গত বছরের সেপ্টেম্বরে প্রিয়তমার অনামিকায় বিশাল একটি হীরার আংটি পরিয়ে দিয়ে তাঁকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৩১ বছর বয়সী ডরিয়াক। বাগদানের ছয় মাসের মাথায় সম্প্রতি স্কারলেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছে তাঁর কাছের বেশ কয়েকটি সূত্র। জানিয়েছে ইঅনলাইন।

গত বছরের ডিসেম্বরে বিয়ে করে সংসার জীবন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন স্কারলেট। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘নিজের একটি পরিবার পেলে আমার খুবই ভালো লাগবে।’

এ ছাড়া প্রেমিক ডরিয়াকের প্রশংসা করে স্কারলেট বলেছিলেন, ‘আমার বর্তমান এবং একমাত্র প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আমি জানতাম না আমার ভেতর ঈর্ষা ছিল। আমার ভেতর থেকে ঈর্ষা কমানোর ক্ষেত্রে ডরিয়াক আমাকে অনেক সাহায্য করেছে। আমার অতীতের সঙ্গীদের প্রতি আমি খুব বেশি যত্নশীল ছিলাম না। আসলে তখন বোধ হয় আমার সেই সামর্থ্যই ছিল না। তার মানে এই নয় যে, আমি তাঁদের কম পছন্দ করতাম।’