স্কারলেটের কাছে সবচেয়ে সুস্বাদু গুলাব জামুন

‘আমি এখন পর্যন্ত যত খাবার খেয়েছি তার মধ্যে গুলাব জামুন সবচেয়ে সুস্বাদু।’ সম্প্রতি এভাবেই ভারতীয় মিষ্টিজাতীয় খাবার গুলাব জামুনের গুণকীর্তন গাইলেন ‘দ্য অ্যাভেঞ্জারস’খ্যাত মার্কিন অভিনেত্রী, গায়িকা ও মডেল স্কারলেট জোহানসন। শুধু তাই নয়, ইদানীং পরিচিত সবাইকেই গুলাব জামুন খাওয়ার পরামর্শ দিচ্ছেন ২৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
মেদহীন আকর্ষণীয় শারীরিক অবয়বের জন্য হলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে উচ্চারিত হয় স্কারলেটের নাম। কিন্তু লাগাম না টেনেই খাবার খান বলে দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে অন্তঃসত্ত্বা এ তারকার সরল স্বীকারোক্তি, ‘কোনো খাবার খেতে ভালো লাগলে লাজ-লজ্জার বালাই ভুলে গপাগপ খেতে থাকি আমি। শরীরে কত ক্যালোরি জমল তা নিয়ে মোটেও মাথা ঘামাই না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
স্কারলেট আরও বলেন, ‘শরীরের ওজন কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। সব সময় আকর্ষণীয় রূপ ধরে রাখার জন্য তটস্থ থাকতে হবে তা তো নয়। অন্তত আমি এমনটাই মনে করি।’ কমেডি ঘরানার ‘শেফ’ (২০১৪) ছবির শুটিংয়ের সময় বিশ্বের বিভিন্ন দেশের খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান স্কারলেট জোহানসন। ছবির সেটে গুলাব জামুন খাওয়ার পর এর স্বাদে মুগ্ধ হয়ে যান তিনি।
প্রসঙ্গত, কানাডীয় অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর সাংবাদিক ও বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার রোমেইন ডরিকের সঙ্গে প্রণয়ে জড়ান স্কারলেট। ২০১৩ সালে বাগদান সম্পন্ন করেন তাঁরা। বাগদানের পর ফ্রান্সে একসঙ্গে বসবাস করছেন স্কারলেট ও ডরিক। গত মে মাসে মার্কিন গায়ক পিট ইয়র্ন নিশ্চিত করেন, স্কারলেট মা হতে চলেছেন। ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল পিট ইয়র্ন ও স্কারলেটের দ্বৈত গানের অ্যালবাম ‘ব্রেকআপ’।