স্কুল বিতর্কে বিজয়ী কলেজিয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়। গতকাল শনিবার ছিল তিন দিনব্যাপী বিতর্কের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ দলের সঙ্গে বাগ্যুদ্ধ শেষে বিচারকদের রায়ে জয়ী হয় চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয়। সংসদীয়পদ্ধতিতে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল—‘বাংলাদেশে পাবলিক পরীক্ষার সফলতা শিক্ষাব্যবস্থার সাফল্যকে প্রমাণ করে না।’ অনুষ্ঠানের শুরুতেই ছিল তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতা। বিষয় ছিল, ‘ফেসবুক কখনোই বন্ধুত্বকে শক্তিশালী করতে পারে না।’ এই বিষয়ে বিপক্ষে অবস্থান করে তুখোড় তর্কে লিপ্ত হয়ে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের কাছ থেকে তৃতীয় স্থানের পুরস্কারটি ছিনিয়ে নেয় সিলভার বেল্স গার্লস হাইস্কুল। ওই স্কুলের শিক্ষার্থী সামান্তা আলমের হাতে উঠে আসে বারোয়ারি বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কারও। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম। বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আশীষ কান্তি পালিত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ বছরের ফেব্রুয়ারিতে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা ‘মুন কনফারেন্স’-এর শ্রেষ্ঠ প্রতিনিধি পদকপ্রাপ্ত বিতার্কিক চিটাগাং গ্রামার স্কুলের ‘এ’ লেভেল শিক্ষার্থী ইনতিফার সাদিক চৌধুরী। চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নানের সভাপতিত্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুকান্ত ভট্টাচার্য, মনিরুজ্জামান ভূঁইয়া, আইইউবির শিক্ষক সৌমিত্র পালিত, চমেক শিক্ষক মাসুদ রানা ও জুয়েল চৌধুরী।