স্কুল শিক্ষিকা জয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

জয়া আহসান খুব বেশিদিন যে চলচ্চিত্রে অভিনয় করছেন তা নয়। তবে এর মধ্যে যতগুলো ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকটা ছবিতেই জয়া অ​ভিনীত চরিত্রগুলোর ভিন্নতা ছিল। নতুন ছবিতে এবার আরও ভিন্নরূপে দেখা যাবে তাঁকে। ‘পুত্র’ ছবিতে জয়া আহসান অভিনয় করবেন একজন স্কুল শিক্ষিকার চরিত্রে।
তথ্য মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় নির্মিতব্য এ ছবির নির্বাহী প্রযোজনায় থাকবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। আর পরিচালক হিসেবে আছেন সাইফুল ইসলাম মান্নু।
‘পুত্র’ ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে কাল বুধবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই উপস্থিত থাকবেন। শুধু থাকতে পারবেন না জয়া। কারণ, এই মুহূর্তে তিনি আছেন কলকাতায়। সেখান থেকেই তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
জয়া বলেন, ‘অটিস্টিক শব্দটা বলতে আমার ভালো লাগে না। এদেরকে আমি বলি স্পেশাল চাইল্ড। “পুত্র” ছবির গল্প সেই সব ‘স্পেশাল চাইল্ড’দের নিয়েই। আমাদের দেশে সচরাচর এমন গল্প নিয়ে ছবি তৈরি হয় না। তাই গল্পটা শুনে বেশ ভালো লেগেছে।' তিনি বলেন, ‘আমি এ-ও শুনেছি, সরকারি উদ্যোগে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্টরাও নাকি চাচ্ছিলেন, আমিই যেন এ ছবিতে অভিনয় করি। একজন অভিনয়শিল্পীর জন্য এটা অনেক সম্মানের।’
‘পুত্র’ ছবিতে কাজ করার ক্ষেত্রে দায়িত্ববোধও কাজ করেছে বলে জানিয়েছেন জয়া। এ প্রসঙ্গে বললেন, ‘অভিনয়শিল্পী হিসেবে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য আছে। সেই দায়িত্ববোধ থেকে এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’
‘পুত্র’ নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর প্রথম চলচ্চিত্র। তাই এ ছবি নিয়ে তাঁর প্রস্তুতির শেষ নাই। সাইফুল বললেন, ‘আমার ছবিটির গল্প কিন্তু গতানুগতিক নয়। তাই শুরু থেকেই এ গল্প নিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং হচ্ছেও। অটিজম নিয়ে কাজ করেন এমন অনেকের সঙ্গেই আমরা কথা বলেছি এবং বলছি। চেষ্টা করব, সবার ভালো লাগার মতো একটি ছবি যেন উপহার দেওয়া যায়।’
ছবিটির নির্বাহী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, জয়া আহসান শিক্ষক হিসেবে অভিনয় করলেও এ ছবির কেন্দ্রীয় চরিত্রের গল্প আবর্তিত হবে একজন অটিস্টিক শিশুকে ঘিরে। এ ছাড়া, ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আহসান হাবিব নাসিম, রিচি সোলায়মান ও সাবেরী আলম প্রমুখ।