স্কুলজীবনে অনেক ছেলেই চিরকুট পাঠাত: মম

অভিনেত্রী জাকিয়া বারী মম সম্প্রতি ‘প্রেম করব তোমার সাথে’ ছবির ডাবিং শেষ করেছেন। বর্তমানে শুটিং করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির। এখানে তাঁর চরিত্রের নাম নীলা। এ ছবিতে নিজের চরিত্র এবং শুটিংয়ের নানা অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
‘প্রেম করব তোমার সাথে’ ছবির ডাবিং ...
ডাবিং করার অভিজ্ঞতা আমার একেবারেই কম। তাই প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। ডাবিং করার সময় আসলে নিজেকেই নকল করতে হয়। তাই কাজটি করা সত্যিই অনেক কঠিন। তবে আমি ভালোভাবেই কাজটি শেষ করতে পেরেছি।
‘ছুঁয়ে দিলে মন’ ছবির শুটিং...
ছবিটির প্রায় আশি ভাগ কাজ শেষ। শুটিং অনেক ভালো হচ্ছে। শিহাব শাহীন দুর্দান্ত একজন পরিচালক। তাঁর পরিচালনায় আগে নাটকে অভিনয় করেছি। এবার চলচ্চিত্রে অভিনয় করছি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার সহ-শিল্পী আরিফিন শুভ। এর আগে তাঁর সঙ্গে আমার খুব একটা কাজ করা হয়নি। খুব সম্ভবত আমরা একসঙ্গে দুটি নাটকে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো।
‘প্রেম করব তোমার সাথে’ এবং ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মধ্যে পার্থক্য...
দুটি ছবির মধ্যে অনেক পার্থক্য। বলা যায়, নদীর এপার-ওপার। দুটি ছবিতে দর্শক আমাকে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখবেন। দুটি ছবির গল্পই অনেক সুন্দর।
নীলা চরিত্র...
‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আমার চরিত্রের নাম নীলা। চরিত্রটি সম্পর্কে শুধু বলব, নীলাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হবে। কাকতালীয়ভাবে আমার বাস্তব জীবনের সঙ্গে চরিত্রটি একদম মিলে গেছে। আমি বড় হয়েছি মফস্বল শহরে। আমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব অনেক কম ছিল। তাই হেঁটেই স্কুলে যেতাম। অনেক ছেলেই আমাকে দেখার জন্য সাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। আর আমার বাসার পাশের একটি ছেলে আমাকে দূর থেকে গিটার বাজিয়ে গান শোনাত। স্কুলজীবনে অনেক ছেলেই গুলতি দিয়ে বাসায় চিরকুট পাঠাত। এ জন্য বাসার জানালার অনেক কাচ ভেঙে

গিয়েছিল। তবে মজার ব্যাপার হলো, কখনো কোনো ছেলের সঙ্গে আমার কথা হয়নি। এখনো সেসব স্মৃতি মনে পড়লে অনেক হাসি পায়।
মমর বর্তমান ব্যস্ততা...
খুব কম কাজ করছি। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে তখনই শুধু কাজ করার সম্মতি দিচ্ছি।
আমি মনে করি, কোনো কিছুরই বেশি ভালো নয়। তাই অনেক ভেবেচিন্তে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।