স্কুলপালানোকে অভ্যাসে পরিণত করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল ও অভিনেত্রী মৌনীতা খান ইশানা
মডেল ও অভিনেত্রী মৌনীতা খান ইশানা

 মডেল ও অভিনেত্রী মৌনীতা খান ইশানার জন্ম বাংলাদেশের বিজয় দিবসে—ষোলোই ডিসেম্বর৷
 ২০০৯ সালের ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়াজগতে পা রাখা এই শিল্পী সম্পর্কে একটি মজার একটি তথ্য হলো, প্রতিযোগিতায় গ্রুমিং সেশনে যাওয়ার সময় পরিবার ছেড়ে যেতে আপত্তি জানিয়ে কান্নাকাটি করে যেমন একটি হুলুস্থুল কাণ্ড বাধিয়েছিলেন তিনি, তেমনি প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্যাম্পের পরিবেশ ছেড়ে বাসায় ফিরেও করেছেন ব্যাপক কান্নাকাটি৷ তখন মেয়ের এই কাণ্ড দেখে তাঁর মা বলেছিলেন, ‘আমার মেয়ে তো দেখি আজব, আসতেও কান্না, যেতেও কান্না!’
 ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণে দারুণ দোদুল্যমানতায় ছিলেন ইশানা৷ কখনো হতে চেয়েছেন চকলেট ব্যবসায়ী, কখনো নেভি কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, আবার কখনো-বা একজন সফল করপোরেট৷ তবে আশ্চর্যের বিষয় হলো, ভুল করেও কখনো অভিনেত্রী কিংবা মডেল হওয়ার কথা চিন্তা করেননি তিনি৷
 ছোটবেলায় স্কুলপালানোর অভিজ্ঞতা সবার জীবনেই থাকে৷ কিন্তু ইশানা স্কুলপালানোকে অভ্যাসে পরিণত করেছিলেন৷ এ ক্ষেত্রে নাচের স্কুল, গানের স্কুল—কোনোটাই বাদ পড়েনি৷
 স্কুলজীবনে ছাত্রী হিসেবে ভালো হওয়ার পরও মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় ঘটিয়েছিলেন অঘটন—অঙ্ক বিষয়ে ফেল করে অভিভাবকদের কপালে ভাঁজ ফেলে দিলেও চূড়ান্ত পরীক্ষায় সফলভাবেই উতরে গিয়েছেন তিনি৷
 মেয়েদের আয়নাপ্রীতি থাকে—এটা অনেকেরই জানা৷ কিন্তু কোথাও আয়না দেখলেই থমকে যাওয়ার মতো অবস্থা হয় ইশানার, এটা কি কেউ জানেন? নিজেকে আয়নায় দেখতে পছন্দ করা ইশানা মন খারাপ হলেই চলে যান আয়নার সামনে, বসে যান নিজের প্রতিবিম্বের মুখোমুখি৷
 ইশানার প্রিয় কাজের একটি হলো মধ্যরাতে কফির মগ হাতে নিয়ে ছাদে চলে যাওয়া৷ তাঁর এ অভ্যাস বাসার সবার চোখে ‘বদভ্যাস’৷ তবে আসল ঘটনা এখানে নয়, আসল ঘটনা হলো, নাতনির এমন একটি অভ্যাস দেখে ইশানার নানি একসময় ধরেই নিয়েছিলেন নাতনির ওপর জিন আছর করেছে!
 ক্যামেরার সামনে অভিনেত্রী ইশানা প্রথম দাঁড়িয়েছিলেন ফিরিয়ে দিলাম পৃথিবী নামে একটি টেলিছবিতে৷