তৃণমূলের শিশুশিল্পীদের বিকাশে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতার। এতে অংশ নিচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার ও কাল শনিবার এর চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংগীত, আবৃত্তি, নৃত্য, অভিনয়সহ মোট ১১টি বিষয়ে আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিযোগিতা হবে। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন, জাতীয় চারুকলা ভবন ও প্রশিক্ষণ ভবনে প্রতিযোগিতায় অংশ নেবে জেলা ও মহানগর পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ১ হাজার ৫৬০ শিশু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশব্যাপী ৪৮৯টি উপজেলা, ৬৪টি জেলা এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরের ৩৫ হাজার স্কুলের প্রায় ২ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়।