স্কুলের মঞ্চে ১৪ বছর পর নাদিয়া

ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজের ছাত্রী ছিলেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। স্কুলের মঞ্চে তিনি সর্বশেষ নাচ করেছিলেন ১৪ বছর আগে। আজ শনিবার দুপুরে তিনি স্কুলের মঞ্চে আবারও নাচবেন। ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজে ভিকারুন নিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে নাচ, গান, ফ্যাশন শো, আলোচনাসহ নানা কিছু। এই অনুষ্ঠানের বেশির ভাগ পরিবেশনাতেই থাকছেন ভিকারুন নিসা নুন স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রীরা।
এ প্রসঙ্গে আজ দুপুরে নাদিয়া বললেন, ‘কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠব। উচ্চ মাধ্যমিক পাস করার পর স্কুলের এই মঞ্চে শেষবার উঠেছিলাম ২০০১ সালে। এরপর আর এখানে কখনো নাচ করিনি। আজ অনুষ্ঠান করতে এসে পুরোনো অনেক স্মৃতিই মনে পড়ছে।’ তিনি বলেন, ‘দারুণ এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে।’
নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত নাদিয়া বললেন, ‘আমি কিন্তু নাচের মেয়ে। নাচ আমার রক্তের সঙ্গে মিশে আছে।’