
ছেলেদের গানের দল ‘ওয়ান ডিরেকশন’-এর স্টাইলিশ সদস্য হ্যারি স্টাইলস। দলের সঙ্গে গান করার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। শোনা যাচ্ছে একক গানের অ্যালবামের জন্য কাজ করছেন এই শিল্পী। ইতিমধ্যে তরুণদের স্টাইল আইকনের তালিকায় উঠে এসেছে তাঁর নাম। আজ হ্যারিকে নিয়ে কিছু কথা হোক।
ব্রিটিশ টেলিভিশনের ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানে অডিশন দিতে গিয়েছিলেন হ্যারি। অনুষ্ঠানের উপস্থাপিকা ক্যারোলিন ফ্লেক তখনই ফেঁসে গেলেন। গানের অডিশন দিতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে প্রেম হয়ে যাওয়ার ঘটনা হয়তো এটাই প্রথম নয়। কিন্তু দুজনের বয়সের ব্যবধান তখন পনেরো। এরপরও হ্যারির জীবনে এসেছেন পপসংগীতের সুপারস্টার টেলর সুইফটসহ একঝাঁক নারী। কিন্তু হ্যারির ভক্তরা এখনো ক্যারোলিনকে নিয়েই আলোচনা করেন। কেউ কেউ ঘটনাটা বিশ্বাসই করতে চান না।
ঝাঁকড়া চুল ও মিষ্টি চাহনির জন্য ‘ওয়ান ডিরেকশন’-এর এই কনিষ্ঠ সদস্যকে পছন্দ করেন ভক্তরা। দলের প্রথম একক অ্যালবামে বেশ কয়েকটি গান গেয়েছেন হ্যারি। ২০১১ সালের সেপ্টেম্বরে ব্রিটেন থেকে প্রকাশিত হয় ‘ওয়ান ডিরেকশন’-এর অ্যালবাম হোয়াট মেকস ইউ বিউটিফুল। ওই বছরেই প্রকাশিত হয়েছিল দলটির আরো একটি অ্যালবাম আপ অল নাইট। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বেস্ট সেলার হয়েছিল অ্যালবামটি। সব থেকে মনে রাখার মতো ঘটনা ছিল ২০১২ সালের অলিম্পিক। সমাপনী অনুষ্ঠানে গান করেছিল তরুণদের দল ওয়ান ডিরেকশন। সেই স্মরণিকায় হ্যারির নামটিও উজ্জ্বল করে লেখা।
হ্যারির তখন ষোলো। ‘দ্য এক্স ফ্যাক্টর’-এর সপ্তম আসরে স্টিভ ওন্ডারের ‘ইজন্ট শি লাভলি’ ও পরের আসরে ব্যান্ড দল ওয়াসিসের ‘স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট’ গানটি গেয়ে প্রশংসিত হন হ্যারি। তবে চূড়ান্ত পর্বে পৌঁছানোর আগেই বিদায় নিতে হয়েছে তাঁকে। বিদায়ের বেদনাকে কমাতে বিচারকেরা পরামর্শ দিলেন, তোমরা একটা দল করে ফেলো। প্রতিযোগী নােয়ল হোরান, লিয়াম পেইন, লুই টমিলনসন ও জেইন মালিকেরা সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তাঁরাও এগোতে পারেননি বেশিদূর। তবে গড়তে পেরেছিলেন ‘ওয়ান ডিরেকশন’ দলটি। নামও প্রস্তাব করেছিলেন হ্যারি। ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে পাঁচ তরুণের সেই গানের দল।
হ্যারির বাক্সে ছোটখাটো অনেকগুলো পুরস্কার। দলের অ্যালবামগুলোর জন্য লিখেছেন বেশ কিছু গান। নিয়মিত টিভির পর্দায় দেখা মেলে তাঁর। ক্রিস্টোফার নোলানের ডানকির্ক ছবিতে দেখা যাবে হ্যারিকে। সামনের বছরের জুলাইয়ে মুক্তি পাবে নতুন সেই ছবি।
রাসেল মাহমুদ, বায়োগ্রাফি অবলম্বনে