স্টান্টম্যান ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্যে ক্রেইগ
তুমুল জনপ্রিয় জেমস বন্ড সিরিজের ছবির অবিচ্ছেদ্য অংশ হলো দুর্ধর্ষ সব মারকুটে দৃশ্য। সাধারণত স্টান্টম্যান দিয়ে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এসব দৃশ্যের শুটিং করানো হয়। বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ও এর ব্যতিক্রম নয়। এতেও অন্তর্ভুক্ত হয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্য। সম্প্রতি তেমনই কয়েকটি দৃশ্যে স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন বন্ড-তারকা ড্যানিয়েল ক্রেইগ।এই মুহূর্তে ‘স্কাইফল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রেইগ। সম্প্রতি ছবিটির জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা। সে সময় তাঁর পাশে স্টান্টম্যান থাকলেও তাঁর সাহায্য না নিয়ে নিজেই এসব দৃশ্যে অভিনয় করেছেন ক্রেইগ। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে দ্য সান।দৃশ্যগুলোর একটির জন্য ক্রেইগকে চলন্ত কনটেইনার থেকেও লাফ দিতে হয়েছে। দৃশ্যটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও নিরাপত্তার জন্য হাঁটুতে প্যাড বাঁধা ছাড়া আর কিছুই করতে দেখা যায়নি তাঁকে।