স্টার ড্যান্সের বিচারক রিচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের অনুষ্ঠানের বিচারক হলেন অভিনয়শিল্পী রিচি সোলায়মান। এরই মধ্যে ‘স্টার ড্যান্স’ নামের ওই অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এশিয়ান টেলিভিশনের নাচের অনুষ্ঠানটি প্রসঙ্গে রিচি বলেন, ‘স্টার ড্যান্স অনুষ্ঠানের চারটি পর্বে বিচারক হিসেবে ছিলাম আমি। এ ধরনের অনুষ্ঠানে এর আগে কখনো বিচারক হইনি। চেনা মুখগুলো, যাদের সব সময় দেখেছি, স্টার ড্যান্স অনুষ্ঠানে বিচারক হয়ে একেবারে নতুনভাবে দেখলাম। খুবই চমত্কার অভিজ্ঞতা। বিচারক হয়ে ভালো লেগেছে।’রিচি এখন গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’ ধারাবাহিকের শুটিং করছেন। রিচি বললেন, ‘এই ধারাবাহিকের দীপাবলি চরিত্রে আমি অভিনয় করছি। ধারাবাহিকটির শুটিং নিয়ে এখন সপ্তাহের বেশির ভাগ সময় সিলেটের শ্রীমঙ্গলে থাকতে হয়।’‘সাতকাহন’ ছাড়াও রিচি এখন হিমেল আশরাফের ‘চৌধুরী ভিলা’ ও রুলীন রহমানের ‘বিশাখা’ নামের দুটি ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকের কাজ ছাড়াও খুব শিগগির ‘নীরব প্রেম’ নামের একটি চলচ্চিত্রে কাজ শুরু করবেন রিচি। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় এ ছবিতে রিচির সহশিল্পী নিরব।