স্টার সিনেপ্লেক্সে জন কার্টার
ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের সাড়া জাগানো ছবি ‘জন কার্টার’। আগামী ১৬ নভেম্বর ‘জন কার্টার ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া) মেসবাহ উদ্দিন। ঢাকায় প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি উপলক্ষে কাল সন্ধ্যায় এর প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে। টারজান খ্যাত মার্কিন লেখক এডগার রাইস বারোজের ‘আ প্রিন্সেস অব মার্স’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু স্ট্যানটন।জানা গেছে, বৈজ্ঞানিক কল্প-কাহিনি নির্ভর জন কার্টার ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টেলর কিটস। ২০১২ সালে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে জন কার্টার ছবিটি মুক্তি পায়। ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত জন কার্টার ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে আয় করে ৩ কোটি ডলারেরও বেশি।ছবির গল্পে জন কার্টার একজন দুর্ধর্ষ মার্কিন যোদ্ধা। ১৮৬৮ সালের যুদ্ধে সাফল্য পেলেও নিজের স্ত্রী-সন্তানকে বাঁচাতে পারেননি তিনি। তাই যুদ্ধ থেকে পালিয়ে বেড়ান কার্টার। পালানোর সময় গুহায় আশ্রয় নেয়ার এক পর্যায়ে হঠাত্ আক্রমণের মুখে পড়েন। তবে শেষ পর্যন্ত আক্রমণকারী পরাস্ত হয়। আক্রমণকারীর কাছে পাওয়া একটি মেডেল স্পর্শ করতেই কার্টার নিজেকে আবিষ্কার করেন মঙ্গল গ্রহে। সেখানে বারসুম এবং হিলিয়াম দু’টি শহর। যার মধ্যে বারসুমের থার্ক্স নামের প্রাণীরা তাঁকে বন্দী করে রাখে। এরপর সেখানে ঘটতে থাকে নানা ঘটনা। এরই মধ্যে কার্টার হঠাত্ আবারও নিজেকে গুহায় আবিষ্কার করেন। পৃথিবী আর মঙ্গলগ্রহের মধ্যকার নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় জন কার্টার ছবির গল্প।টেলর কিটস ছাড়াও জন কার্টার ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন লিন কলিন্স, সামান্থা মর্টন, মার্ক স্ট্রং, ডমিনিক ওয়েস্ট প্রমুখ।