স্টার সিনেপ্লেক্সে ফাইন্ডিং নেমো থ্রি ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে সাড়া জাগানো অ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নেমো’র থ্রি ডি ভার্সন। এ উপলক্ষে আগামী ৪ এপ্রিল সন্ধ্যা সাতটায় ছবিটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে।২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ‘পিকচার অ্যানিমেশন স্টুডিও’র প্রযোজনা এবং ওয়াল্ট ডিজনি পিকচার্সের পরিবেশনায় মুক্তি পায় অ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নেমো’। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ব্যাপক সাড়া জাগায় ছবিটি। সেই সাথে আলোড়ন তোলে সারা বিশ্বে। ৯২১ মিলিয়ন মার্কিন ডলার আয় করার পাশাপাশি সেরা অ্যানিমেশন ছবি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও পেয়ে যায় ‘ফাইন্ডিং নেমো’। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ছবিটিকে এ যাবত্কালের সেরা অ্যানিমেশন ছবিগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করে। মা-হারা এক ছোট্ট শিশু ক্লাউনফিশের কাহিনি নিয়ে গড়ে ওঠা এ ছবিতে দেখা যায়— জন্মের আগেই মা হারানো নেমোকে পরবর্তী সময়ে সাগরের নানা বিপদ সংকুল পরিস্থিতি থেকে বাবা আগলে রাখতে চাইলেও অ্যাকুরিয়ামের জন্য মনোহর মাছ ধরতে আসা শিকারিদের হাতে ধরা পড়ে সে। এরপর নেমোর বাবা তাকে উদ্ধার করার সংগ্রামে নামে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত বাবা-ছেলের পুনর্মিলন হয়। অ্যান্ড্রু স্ট্যানটন পরিচালিত এই অ্যানিমেশন ছবির থ্রি ডি ভার্সন মুক্তি পায় ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর। ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রূপান্তরিত থ্রি ডি ভার্সন মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকাতে ১৬.৭ মিলিয়ন ডলার আয় করে।