স্টার সিনেপ্লেক্সে 'উজান গাঙের নাইয়া'র প্রিমিয়ার অনুষ্ঠিত

বিবিসির প্রযোজনায় গিয়াস উদ্দিন সেলিম ও বাশার জর্জিসের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে স্বাস্থ্যসচেতনতামূলক ১৬ পর্বের ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’। আজ সকাল ১০টায় স্টার সিনেপ্লেক্সে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নাটকটির প্রিমিয়ার দেখানোর পর সবার ভালো প্রতিক্রিয়া পেয়েছি। তাই আমি এখন ভরপুর আনন্দে আছি। এটি এমন একটি নাটক, যা সবার দেখা প্রয়োজন বলে আমি মনে করি।’
বাশার জর্জিস বলেন, ‘এটি আমার পরিচালনায় প্রথম কাজ। আমি এর আগে বিবিসির অনেক কাজ করেছি। কিন্তু নাটক কখনো নির্মাণ করিনি। আমি কাজটি অনেক যত্নের সঙ্গে করার চেষ্টা করেছি। এ ক্ষেত্রে আমি নাটকের শিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। নাটকটিতে কিছুটা চলচ্চিত্রের ছোঁয়া পাওয়া যাবে।’
‘উজান গাঙের নাইয়া’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শীয়া। এখানে স্পর্শীয়া ১৬ বছরের কিশোরী মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার পর স্পর্শীয়ার কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই নাটকটির জন্য অনেক পরিশ্রম করেছি। আজ আমার খুব আনন্দ লাগছে। চমৎকার এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’
অভিনেত্রী নওশাবা বলেন, ‘আমি শহরে বড় হয়েছি। তাই গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু পরে আমি চরিত্রটির সঙ্গে মিশে যাই। সব মিলিয়ে কাজটি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে।’
অভিনেত্রী সেঁজুতি বলেন, ‘এই নাটকে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ বলে আমি মনে করি। নাটকটিতে অভিনয় করে আমি অনেক কিছু শিখতে পেরেছি।’
শিশুদের স্বাস্থ্যসচেতনতামূলক ‘উজান গাঙের নাইয়া’ ধারাবাহিক নাটকে অল্পবয়সী মেয়েদের গর্ভকালীন সমস্যাসহ আরও নানা বিষয় তুলে ধরা হয়েছে। নাটকের কাহিনিতে দেখা যাবে, কিশোরী আনিকা শহরে মামার বাসায় থাকে। একপর্যায়ে গ্রামে মায়ের কাছে ফিরে যায় সে। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল তার। কিন্তু গ্রামে গিয়ে সে বাল্যবিবাহের শিকার হয়। তারপর প্রতিবাদী আনিকা প্রতিনিয়তই যুদ্ধ করে যায় লেখাপড়ার জন্য। এ জন্য সে শাশুড়ির কাছে অপ্রিয় হয়ে ওঠে। স্বামীও বিশ্বাসঘাতকতা করে আনিকার সঙ্গে। বিয়ের পরপরই গর্ভধারণ করে কিশোরী আনিকা।
‘উজান গাঙের নাইয়া’ ধারাবাহিকের শুটিং হয়েছে মানিকগঞ্জের নবগ্রামে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, শ্যামল মাওলা, শিল্পী সরকার অপু, জুঁই প্রমুখ। বিটিভিতে ১১ মে থেকে প্রতি রোববার রাত সাড়ে আটটায় নাটকটি প্রচারিত হবে।