স্টার সিনেপ্লেক্সে 'প্যাসিফিক রিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্যাসিফিক রিম’ ছবির পোস্টার
‘প্যাসিফিক রিম’ ছবির পোস্টার

ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনি ও অ্যাকশননির্ভর হলিউডের ছবি ‘প্যাসিফিক রিম’। ২২ নভেম্বর শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

জাপানি সিনেমার একটা বড় অংশ জুড়ে আছে ‘কাইজু’। এক ধরনের অদ্ভুত বিশালকায় প্রাণীকে জাপানি ভাষায় কাইজু বলা হয়, যার উত্কৃষ্ট উদাহরণ হলিউডের সৃষ্টি ‘গডজিলা’। অন্যদিকে একদল মানুষ-নিয়ন্ত্রিত রোবটের অ্যাকশন নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘নিনজা রোবটস’। ‘প্যাসিফিক রিম’ ছবির কাহিনিতে দেখা যাবে, সমুদ্রের নিচ থেকে উঠে আসা এলিয়েন কাইজুর আক্রমণে পৃথিবী ধ্বংসের সম্মুখীন হয়। এর মোকাবিলা করতে মানুষ আবিষ্কার করে জায়েগারস নামে মানুষ-নিয়ন্ত্রিত রোবট। এই রোবট নিয়ন্ত্রিত হয় দুজন পাইলট দিয়ে, যাঁরা একে অপরের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকেন।

পরিচালক গুয়েলরেমো দেল তোরো অ্যাকশনের পাশাপাশি অনেক মানবিক অনুভূতির সমন্বয় ঘটিয়েছেন ‘প্যাসিফিক রিম’ ছবির গল্পে। ব্যক্তিগত ট্র্যাজেডি, নিজেকে প্রমাণ করতে না পারার কষ্টের পাশাপাশি রোমাঞ্চ ও কমেডিও খুঁজে পাওয়া যায় এ ছবিতে। ছবির প্রধান চরিত্র ‘রালেই বেকেট’-এর ভূমিকায় অভিনয় করা চার্লি হান্নাম তো এক সাক্ষাত্কারে বলেই বসেছেন, ‘এটি আসলে একটি প্রেমের গল্প, যেখানে সবই আছে।’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাপানি অভিনেত্রী রিঙ্কো কিকুচি, ইদ্রিস এলবা, বার্ন গুরমান, চার্লি ডে প্রমুখ।

‘প্যাসিফিক রিম’ ছবিতে বিশালকায় কাইজু, রোবট, অ্যাকশন সিকোয়েন্স, ধ্বংসযজ্ঞ সবকিছু মিলিয়ে এক মহা কাণ্ডই ঘটিয়েছেন পরিচালক। ছোটবেলা থেকেই জাপানি অ্যানিমেশন সিরিজের ভক্ত মেক্সিকান এই পরিচালক। এর আগে ‘হেলবয়’ আর ‘প্যান্স ল্যাব্রিন্থ’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। 

‘প্যাসিফিক রিম’ ছবির বাজেট ১৯০ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় গত জুলাই মাসে। মুক্তির প্রথম সপ্তাহ শেষ না হতেই প্রায় ৩৮ মিলিয়ন ডলার ঘরে তোলে ‘প্যাসিফিক রিম’। এরই মধ্যে ছবিটির বক্স অফিস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৭ মিলিয়ন ডলারের বেশি।