স্টার সিনেপ্লেক্সে ‘ব্রেকিং ডন পার্ট টু’
আজ শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে টোয়াইলাইট সিরিজের শেষ ছবি ব্রেকিং ডন পার্ট টু। বিল কনডন পরিচালিত এ ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত বছরের নভেম্বরে। পাঁচ বছর আগের নভেম্বরেই মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ছবি টোয়াইলাইট। দেখতে দেখতে সেই সিরিজের পঞ্চম এবং শেষ ছবিও মুক্তি পেয়ে গেল। ভ্যাম্পায়ার এডওয়ার্ডের সঙ্গে মানবী বেলার অসম প্রেম। শুরুতেই বাজিমাত। সিরিজের প্রথম ছবি থেকে যে স্বপ্ন দেখে আসছে বেলা, সেই স্বপ্ন অবশেষে পূরণ হলো। মানবী থেকে সে-ও হয়ে গেল ভ্যাম্পায়ার। জন্ম নিল তাদের প্রথম সন্তান। যে মেয়ে কিনা আধেক মানবী, আধেক ভ্যাম্পায়ার! ছোট্ট মেয়েটির মধ্যে দেখা যেতে থাকল অলৌকিক ক্ষমতা। বাবার মতোই যে প্রচণ্ড ক্ষিপ্রগতির। এ খবর পৌঁছে গেল ভ্যাম্পায়ার-জগতের শাসক ভলটুরির কানে। তার লক্ষ্য রেনেসমিকে খুন করা। বেলা-এডওয়ার্ড কি পারবে তাদের সন্তানকে বাঁচাতে?মুক্তির তিন সপ্তাহেই ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৬০ কোটি ডলার। শেষ পর্যন্ত ১২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার।