স্টার সিনেপ্লেক্সে ‘স্বাধীনতা দিবস চলচ্চিত্র উৎসব’
১০টি চলচ্চিত্র নিয়ে ‘স্বাধীনতা দিবস চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স ও বিগিনিং। ‘স্বাধীনতা ২০১০’ শিরোনামে এই উৎসবে দেখানো হবে জহির রায়হানের স্টপ জেনোসাইড, তারেক মাসুদের মুক্তির কথা, মোরশেদুল ইসলামের শরত্ ’৭১, তানভীর মোকাম্মেলের স্বপ্নভূমি, মোস্তফা সরয়ার ফারুকীর স্পার্টাকাস ’৭১-এর সিকুয়াল এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, ফৌজিয়া খানের সে কথা বলে যাই, আনিসুল হকের লেখা ও রেদোয়ান রনির পরিচালনায় জননী সাহসিনী ১৯৭১ ও আসিফ ইকবালের পাঁচ মিনিটের ছবি ফিরে আসে ’৭১। আরও থাকবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে ক্লেয়ার ফার্গুসনের ছবি কনসার্ট ফর বাংলাদেশ রিভিজিটেড।উৎসবের পরিচালক কামার আহমেদ জানান, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে তুলে ধরার জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিটি প্রদর্শনীতেই বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। ২৬ মার্চ বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই উৎসব। এতে সহযোগিতা করছে পেপসি। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।