বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গত শুক্রবার বিকেলে আট দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়। আয়োজক নর্দান থিয়েটার। উৎসবের উদ্বোধনের দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুত্র নাটকটি মঞ্চায়ন করে।গতকাল শনিবার ছিল নাট্যোৎসবের দ্বিতীয় দিন। এদিন বাংলা থিয়েটার মঞ্চায়ন করে চে’র সাইকেল নাটকটি। রচনা মামুনুর রশীদ, নির্দেশক ফয়েজ জহির। নাটক মঞ্চায়নের আগে স্টুডিও থিয়েটারের পাশে চিলেকোঠায় সিলেট বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ‘নর্দান স্টুডিও থিয়েটার ফেস্টিভ্যাল’-এ প্রাচ্যনাট কিনু কাহারের থেটার, স্বপ্নদল চিত্রাঙ্গদা, বুয়েট ড্রামা সোসাইটি দূর ঘটনা পরিবেশন করবে। শিল্পকলা একাডেমী মঞ্চস্থ করবে মুক্তি মুক্তি। নাট্যোৎসবে নর্দান থিয়েটারের দুটি নাটক ওয়েটিং ফর গডো ও কৃষ্ণ শকুন মঞ্চায়িত হবে। শিল্পকলা একাডেমীর স্টুডিও হলে এসব দলের নাটক ছাড়াও প্রতিদিনই নাটক প্রদর্শনীর আগে বিকেলে চিলেকোঠায় থাকছে নর্দান থিয়েটারের সংগীত ও কোরিওগ্রাফির আয়োজন। অন্যান্য দিনে থাকছে দেশের বিভিন্ন বিভাগের সাংস্কৃতিক পরিবেশন। ঢাকা আর্ট সেন্টারে জলের ধারার প্রদর্শনী‘জলের ধারা’র আয়োজনে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে গত শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের জলরঙের শিল্পকর্ম প্রদর্শনী।এই প্রদর্শনী উপলক্ষে চারুশিল্পীদের সংগঠন ‘জলের ধারা’ এক মাসের একটি কর্মশালার আয়োজন করেছিল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউডা, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আর্ট কলেজ, বাফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, রাজশাহী আর্ট কলেজ ও ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। পরে ৫১ জন শিল্পীর ১০২টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মশালার সমন্বয়কারী ছিলেন শিল্পী সোহাগ পারভেজ।শুক্রবার বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী হামিদুজ্জামান খান, বীরেন সোম ও কণকচাঁপা চাকমা। নবীন প্রজন্মের শিল্পীদের সঙ্গে জলরঙের কাজ নিয়ে আলোচনা করেন শিল্পী অলক্ষে ঘোষ, রণজিৎ দাস ও কামাল উদ্দিন। প্রদর্শনী আজ রোববার শেষ হবে।