
আলো জ্বলতেই এলেন সূত্রধর। বর্ণনা করলেন গল্পের পটভূমি। তাঁর কথা শেষ হতেই মঞ্চে আসেন অন্য শিল্পীরা। সবার গলায় লাল রঙের চাদর। ঢোলের আওয়াজে সচকিত হয় মিলনায়তন। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে গতকাল এভাবেই শুরু হয় বিষাদ–সিন্ধু নাট্ক।
রমজানে নাটকপাড়া কিছুটা স্থবির হয়ে পড়েছে। এ স্থবিরতা কাটাতে নাটক মঞ্চায়নের উদ্যোগ নেয় রাজধানীর দলগুলো। কয়েকটি দল নতুন নাটকের মঞ্চায়ন করারও আয়োজন করছে। গতকাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ত্রিশাল) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রযোজিত বিষাদ–সিন্ধু নাটকের উদ্বোধনী প্রদর্শনী হলো। মীর মশাররফ হোসেনের রচনা থেকে নেওয়া এ নাটকের নির্দেশনা দিয়েছেন অধ্যাপক সৈয়দ মামুন রেজা।
বিষাদ–সিন্ধু ৬৩ প্রবাহের মধ্যে মহররম ও উদ্ধার পর্ব-এর নির্বাচিত তিনটি প্রবাহ নিয়ে নাটকটি বিন্যস্ত হয়েছে।
হজরত আলীর সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসেন। খোলাফায়ে রাশেদিন যুগের শেষে খলিফা হজরত আলী ষড়যন্ত্রের শিকার হয়ে দুষ্কৃতকারীদের হাতে নিহত হলে অন্যায়ভাবে ক্ষমতা লাভ করেন মুয়াবিয়া। পর্যায়ক্রমে রাজনৈতিক দূরভিসন্ধি এবং ক্ষমতার অগ্নিহিংসায় দেদীপ্যমান এজিদ দখল করেন রাজ্যশাসন ভার। এজিদের নীলনকশায় স্ত্রীর হাতে বিষপানে শাহাদাতবরণ করেন ইমাম হাসান। অতঃপর কারবালার প্রান্তরের শিবিরে এজিদ সৈন্য দ্বারা পরিবেষ্টিত হোসেন পরিবার অবরুদ্ধ হয়, সেখান থেকেই নাট্য আখ্যানের সূত্রপাত। সৈয়দ বংশের ক্রমাগত বিপর্যয়, কাশেমের বিয়ে, সখিনার বৈধব্য, হোসেনের শাহাদাতবরণ এবং আজরের মানবিক মূল্যবোধ প্রসঙ্গই নাটকের মূল প্রতিপাদ্য। সমান্তরাল ঘটনার অন্তরালে রাজনৈতিক দূরভিসন্ধি নাট্যাখ্যানে প্রকাশিত হয়েছে।
নির্দেশক সৈয়দ মামুন রেজা বলেন,‘ আমরা এই নাটকের মাধ্যমে বিশ্বের সব যুদ্ধ, সংঘাত, নৃশংসতা ও হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর যে নৃশংসতা চলছে তার তীব্র প্রতিবাদ জানাই।’
অভিনয় করেছেন ইমরান হাসান, ফারজানা তাসমিম, জেবিন সুলতানা, মোসলেমাতুল জান্নাত, আতিকুর রহমান, উত্তম চন্দ্র শীল, ওয়াহিদা সুলতানা, বিপাশা শাহা, রইস উদ্দীন আহাম্মদ প্রমুখ।