
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে নাটক মানেই মিলনায়তনের মেঝেতে দর্শক ও কুশীলবদের কাছাকাছি অবস্থান। নাটকের কুশীলবেরা যেন সরাসরি কথা বলেন দর্শকের সঙ্গে। ফলে সহজেই কুশীলবদের সঙ্গে একাত্মতা সৃষ্টি হয় দর্শকদের। গতকাল সোমবার এখানে মঞ্চস্থ হলো নবশব্দ থিয়েটারের নতুন প্রযোজনা মাল্যদান। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আবদুল খালেক।
গতকাল ছিল নাটকটির চতুর্থ প্রদর্শনী। নাটকের উপজীব্য হলো, পটল সরকারি চাকরিজীবী স্বামীকে নিয়ে নিঃসন্তান অবস্থায় শৌখিন জীবনযাপন করে। কোনো এক সময় প্লেগ রোগের কারণে মা-বাবা মারা যাওয়া একটি মেয়েকে গাছতলা থেকে নিয়ে আসে পটল। তাকে গড়ে তোলার চেষ্টা করে। মেয়েটি বিয়ের যোগ্য হলে পটলের দূরসম্পর্কের আত্মীয় যতীনের সঙ্গে মেয়েটির বিয়ে দিতে চায়। বিয়ে নিয়ে বিভিন্ন ঘটনার অবতারণা হয়। যতীন ইতিমধ্যে ডাক্তারি পাস করে একটি হাসপাতালে চাকরি করে। ঘটনাচক্রে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে পুলিশ রাস্তা থেকে অসুস্থ অবস্থায় সেই হাসপাতালে ভর্তি করে। যতীন মেয়েটিকে চিনতে পারে এবং বাড়িতে নিয়ে চিকিত্সা করানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। মেয়েটি অবশেষে মারা যায়।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া, নিলীমা, সালমান, রুবেল, মোহাম্মদ আবদুল খালেক, তুলসী, সেলিনা, হূদয় প্রমুখ।
ল্যুভে লায়লা শারমিনের চিত্রকর্ম
আগামী শুক্রবার থেকে প্যারিসের বিশ্বখ্যাত ‘ক্যারৌসেল দু ল্যুভ’-এ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আর্ট শপিং’। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশি চিত্রশিল্পী লায়লা শারমিন। বিশ্ব শিল্পের তীর্থস্থানে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেবেন বিশ্বের ৭০টিরও বেশি আর্ট গ্যালারির প্রায় এক হাজার শিল্পী। প্রদর্শনীতে থাকবে মিশ্র মাধ্যমে আঁকা শিল্পীর সাম্প্রতিক তিনটি শিল্পকর্ম।
শিল্পী লায়লা শারমিন এই ছবিগুলোতে বাংলার আবহমানকালের নিসর্গ ও বাঙালি হূদয়ের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক সময়ের সমাজের নানা নেতিবাচক পরিবর্তন চোখ এড়িয়ে যায়নি তাঁর। এরও প্রচ্ছায়া রয়েছে কাজগুলোতে।
লায়লা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন। তিনি এ পর্যন্ত ১১টি একক এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ২০১২ সালে আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল কন্টেম্পোরারি আর্ট এক্সিবিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
এর আগে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক প্রদর্শনীতে পুরস্কার জিতে নেন তিনি। এ ছাড়া ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্ট গেমেও অংশ নিয়েছেন।