স্টুডিও থিয়েটারের নাটকে মহড়াকক্ষের সংলাপ!
গত ৭ মের ঘটনা। সময় সন্ধ্যা সাড়ে সাতটা। শিল্পকলা একাডেমীর সপ্তম তলায় স্টুডিও থিয়েটারে তখন চলছে থিয়েটারওয়ালা রিপার্টরির নাটক শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট-এর প্রদর্শনী। মিলনায়তনভর্তি দর্শক। প্রদর্শনী শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দর্শকের নাটক দেখার নীরবতায় হঠাৎ ছন্দপতন—কোথাও থেকে গমগম শব্দ আসছে। মিলনায়তনের পেছনের দর্শকদের মধ্যে বিরক্তি। কারণ কী?প্রথমে মনে হলো, হয়তো মিলনায়তনের দরজা ঠিকমতো বন্ধ হয়নি। বাইরের শব্দ প্রবেশ করছে। তাই দরজা বন্ধ করা হলো। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই। এবার শব্দটা স্পষ্ট হলো, বাইরে থেকে অন্য নাটকের সংলাপ শোনা যাচ্ছে!কয়েকজন দর্শক আসন ছেড়ে উঠে চলে গেলেন স্টুডিও থিয়েটারের মূল ফটকের কাছে। সেখানে অবস্থানরত থিয়েটারওয়ালা রিপার্টরির কয়েকজন কর্মীর কাছ থেকে তাঁরা জানলেন, পাশেই দুটি মহড়াকক্ষ রয়েছে। সেখানে অন্য নাটকের দল মহড়া করছে। সেখান থেকেই শব্দ আসছে।মিলনায়তনের বাইরে একজন নাট্যকর্মী জানালেন, মহড়াকক্ষটি চালু হওয়ার পর থেকেই এ সমস্যা। ভেতরের মহড়ার শব্দ বাইরে চলে আসে। সেটা স্টুডিও থিয়েটারের ভেতরেও চলে যায়।শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট-এর প্রদর্শনী শেষ হলে থিয়েটারওয়ালা রিপার্টরির প্রধান হাসান শাহরিয়ারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। তিনি বললেন, এটি মিলনায়তনের অ্যাকুইস্টিক সমস্যা। মহড়াকক্ষ শব্দনিরোধক নয়। এ ধরনের একটি আধুনিক মিলনায়তনে মহড়াকক্ষ শব্দনিরোধক নয়, এটা খুবই হতাশাজনক। এ কারণে প্রতিদিনই স্টুডিও থিয়েটারের নাটক মঞ্চস্থ করতে সমস্যা হচ্ছে। দর্শকেরা বিরক্ত হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হয় শিল্পকলা একাডেমীর নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক গোলাম সারোয়ারের সঙ্গে। তিনি বললেন, মহড়াকক্ষ খুলে দেওয়ার পর থেকেই আমরা এ সমস্যায় ভুগছি। আমরা এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিবিএলের প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি। একই সঙ্গে প্রকল্প উপদেষ্টাদেরও জানিয়েছি। কিন্তু তার পরও তাঁরা কোনো প্রতিকার এখনো করছেন না। তাঁরা বলেছেন, শিগগিরই সমস্যা সমাধান করে দেবেন। এভাবে তো দীর্ঘদিন হয়ে গেল, এখন পর্যন্ত কাজ শুরু হচ্ছে না।