স্টুডিও থেকে ১১০ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠানমালায় এখন বেশ জনপ্রিয় স্টুডিও থেকে সরাসরি প্রচার করা গানের অনুষ্ঠানগুলো। অনেক টিভি চ্যানেলেই এ ধরনের গানের অনুষ্ঠান প্রচারিত হয়েছে। সেসব থেকে আমরা বেছে নিয়েছি ছয়টি চ্যানেল—একুশে টিভি, দেশ টিভি, আরটিভি, বাংলাভিশন, বৈশাখী ও মাছরাঙা। ঈদের অনুষ্ঠান পাঁচ থেকে সাত দিন। স্টুডিও থেকে সব মিলিয়ে সরাসরি গান প্রচার করা হয়েছে প্রায় ১১০ ঘণ্টা। গান গেয়েছেন ৪১ জন শিল্পী। শিল্পীদের নামেই অনুষ্ঠানের শিরোনাম করেছে দেশ টিভি। যেমন— সামিনা চৌধুরীর গান, জেমসের গান...। একুশে টিভির অনুষ্ঠান ঈদ স্পেশাল ফোনোলাইভ স্টুডিও কনসার্ট, আরটিভির রানী লাইভ স্টুডিও কনসার্ট, বাংলাভিশনের নূরজাহান মিউজিক নাইট, বৈশাখীর সময় কাটুক গানে গানে এবং মাছরাঙার রাঙা রাত। অনুষ্ঠান শুরু হয়েছে বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে, পৌনে ১২টায় দেশ টিভি ও বৈশাখী টিভি, ১২টায় আরটিভি ও মাছরাঙা এবং ১২টা ৪০ মিনিটে একুশে টিভিতে। একসঙ্গে একই সময়ে এতগুলো চ্যানেলে একই ধরনের অনুষ্ঠান কারও পক্ষে দেখা সম্ভব? আর যে শিল্পীরা গান করছেন, তাঁরা তো সবাই পছন্দের। কোনটা বাদ দেব! তাই বাধ্য হয়েই রিমোট হাতে ছুটতে হয়েছে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে। সব কটি টিভি চ্যানেলেই ঈদের প্রথম দুদিন ছিল শুধু জ্যেষ্ঠ শিল্পীদের গান। এফএম প্রজন্মের কোনো শিল্পীকেই দেখা যায়নি। কারণটা কী? একটু খোঁজ নিয়ে জানা গেল, কয়েকজন শিল্পী ওই কয়টা দিন ঈদ উপলক্ষে দেশের বাইরে কনসার্ট করেছেন। চিত্রটা পাল্টে গেল ঈদের তৃতীয় দিন থেকে। শুরু হলো নতুন আর পুরোনোর একসঙ্গে পথচলা। স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠানের প্রচার শুরু হয়েছে চাঁদ রাত থেকেই। বৈশাখী টিভির ওই অনুষ্ঠানটি ছিল কাওয়ালি গানের। শিল্পী শাহ মো. সমীর কাওয়াল ও তাঁর দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন ফাতেমা-তুজ-জোহরা। উপস্থাপনার পাশাপাশি সমীর কাওয়ালের সঙ্গে মাঝেমধ্যেই কণ্ঠ মিলিয়েছিলেন তিনি। ঈদের দিনের প্রথম অনুষ্ঠানটি ছিল বাংলাভিশনে—নূরজাহান মিউজিক নাইট। শিল্পী জেমস। প্রায় প্রতিটি গানের আগে তাঁর জ্যামিং ছিল উপভোগ করার মতো। এই চ্যানেলে ঈদের পরদিন গান করেন সুবীর নন্দী ও নাশিদ কামাল, তৃতীয় দিন সামিনা চৌধুরী, চতুর্থ দিন মমতাজ এবং পঞ্চম দিনে সোলস। ১৮টি গান করেছে সোলস। সোলস অনুষ্ঠানে ড্রামস ব্যবহার করেনি। এ ক্ষেত্রে ডিজাম্বের ব্যবহার ভালো লেগেছে। প্রায় পুরো অনুষ্ঠানেই ছিল অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ব্যবহার। শেষ চারটি গানে ইলেকট্রিক গিটার ব্যবহার করতে দেখেছি। ওই চারটি গান ছিল সোলসের নতুন অ্যালবাম জ্যাম থেকে—‘নির্মলেন্দু গুণ’, ‘জ্যাম’, ‘মন খারাপ’ ও ‘ছায়া’। দর্শকদের নিজেদের চ্যানেলে ধরে রাখার জন্য এখানে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। ঘোষণা দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কারের। প্রতিদিন হীরার লকেট আর আংটি দিয়ে কি খুব বেশি দর্শক পাওয়া গেছে? দেখাদেখি আরও দুয়েকটি চ্যানেলও একই প্রক্রিয়ায় দর্শক টানার চেষ্টা করেছে।এবার ঈদের অনুষ্ঠানমালায় অনেক শিল্পীই একাধিক অনুষ্ঠানে গান করেছেন। ঈদের পরদিন বৈশাখী টিভিতে মমতাজের একেবারে অন্য রকম পরিবেশনায় মুগ্ধ না হয়ে উপায় ছিল না। মমতাজের সঙ্গে ছিলেন শাহ আলম সরকার। তাঁদের পরিবেশনার বিষয় ছিল ‘জীবপরম বিষয় নির্ভর পালাগান’। অনেক বছর পর গ্রামের সেই ঈদের ছুটিতে পালাগান শোনার কথা মনে হলো। এর পর মমতাজ আরও কয়েকটি অনুষ্ঠান করেছেন। সেসবে মমতাজ তাঁর কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোই করেছেন। আরটিভিতে রানী লাইভ স্টুডিও কনসার্ট-এ মমতাজের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শমী কায়সার। ঈদের দিন বৈশাখী টিভিতে গান করেছেন সুবীর নন্দী। এরপর অন্য দুটি চ্যানেলে আরও দুটি অনুষ্ঠান করেছেন তিনি। একটিতে তাঁর সঙ্গে ছিলেন নাশিদ কামাল, অন্যটিতে কনকচাঁপা। একটা ক্ষোভ লক্ষ করা গেছে সুবীর নন্দীর মধ্যে। সব অনুষ্ঠানে নিজের খুব জনপ্রিয় গানগুলোই তাঁকে বেশি গাইতে হয়েছে। কারণ কেউ নাকি নতুন গান শুনতে চায় না। আর নিজের পুরোনো কম জনপ্রিয়, কিন্তু খুব ভালো অনেক গান আছে। এবার তিনি সেখান থেকেও কিছু গান শুনিয়েছেন। আরটিভির কয়েকটি অনুষ্ঠানে নির্দিষ্ট শিল্পীর সঙ্গে ছিলেন আমন্ত্রিত অতিথিও। যেমন—ঈদের দিন হায়দার হোসেন ও আগুনের সঙ্গে অতিথি ছিলেন ফজলুর রহমান বাবু, চতুর্থ দিন তপু ও ন্যান্সির সঙ্গে রোমানা এবং পঞ্চম দিন আসিফ ও মিমির সঙ্গে ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমর বেলিম। আরফিন রুমি প্রথম গান করেন একুশে টিভিতে, ঈদের তৃতীয় দিন। বৈশাখী টিভিতে গান করেছেন পঞ্চম দিনে। দেশ টিভিতে ছিলেন সামিনা চৌধুরী, এলআরবি, জেমস ও মিলা এবং কলকাতার শিল্পী হৈমন্তী শুক্লা, মিতালী মুখার্জি ও ফসিলস। এই চ্যানেলে এলআরবির পরিবেশনার অন্যতম আকর্ষণ ছিল আইয়ুব বাচ্চুর গান আর গিটার বাদন। সামিনা চৌধুরীর কাছ থেকে তাঁর পুরোনো জনপ্রিয় গানগুলোই বেশি শুনতে চেয়েছেন দর্শকেরা। মাছরাঙা টিভিতে ঈদের দিন গান গাইলেন শাকিলা জাফর ও তপন চৌধুরী।শুরুতেই শাকিলা জাফর বললেন, ‘এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্যই কানাডা থেকে এসেছেন তপন চৌধুরী।’ অনেক রাত পর্যন্ত তাঁরা শোনালেন নিজেদের পছন্দের গানগুলো। ঈদের পরদিন ছিল মাইলসের পরিবেশনা। পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি তাঁরা শোনান নতুন গানও।একুশে টিভিতে ঈদের দিন সুফি ঘরানার গান শোনালেন পারভেজ। নুসরাত ফতেহ আলী খান ও কৈলাশ খেরের গানও করলেন তিনি। বাংলায় বলিউডি সুফি ঘরানার গানের সংখ্যা কম বলেই হয়তো তাঁকে ওই দুই শিল্পীর গানের ওপর নির্ভর করতে হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা যায় চতুর্থ দিনে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে সত্য সাহার সুর করা গানগুলোর কথা। সত্য সাহার ছেলে ইমন সাহার তত্ত্বাবধানে এখানে গান করেছেন দিঠি, কিশোর, সাব্বির, রন্টি দাস ও আলিফ লায়লা। পঞ্চম দিন ছিল কনকচাঁপার গান। ষষ্ঠ দিনে অর্ণব আর তাঁর বন্ধুদের গান। একেবারে নতুন গেটআপে অর্ণব গেয়ে শুনিয়েছেন তাঁর কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো। প্রতিটি অনুষ্ঠানেই ছিল দর্শকদের অংশগ্রহণের সুযোগ। কিন্তু দর্শকদের মুখে ‘আপনার শাড়িটা খুব সুন্দর’, ‘আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে’, ‘ফাটাফাটি একটা পাঞ্জাবি লাগাইছেন’, ‘আপনার নিজের পছন্দের একটা গান শোনান’, ‘আপনার পেছনে যিনি ড্রাম বাজাচ্ছেন, ওনার গেঞ্জিটা তো হেভিভ’—এমনি নানা মন্তব্য শোনার পর না হেসে উপায় থাকে না। শিল্পীর গান কিংবা শিল্পীর ইতিবাচক কোনো দিক নিয়ে কি কোনো প্রশ্ন কারও মনে আসে না? আরেকটি দিকে শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গায়কি আর সুর বিকৃতি কিন্তু এক নয়। গায়কির নাম করে কেউ যদি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, হাসন রাজা, ফকির লালন, শাহ আবদুল করিমের গানের সুরের বিকৃতি করেন, সেটা কি মেনে নেওয়া যায়? এখন কিন্তু তা হরহামেশাই হচ্ছে। এসব গানের ফিউশন করা কি খুব জরুরি? আরটিভিতে ষষ্ঠ দিনে পড়শির গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার পরান যাহা চায়’-এর সুর বিকৃতি খুব কানে লেগেছে। আরও অনেক চর্চা করতে হবে। এই গানগুলো এত পরিচিত যে সুর একটু ব্যতিক্রম হলেই ধরা পড়ে যাবে। তবে নিজের গান কিন্তু পড়শি ভালো গেয়েছেন। একুশে টিভিতে অর্ণব যে কয়টি রবীন্দ্রসংগীত গেয়েছেন, সেগুলো চমৎকার লেগেছে। দেশ টিভিতে ঈদের ষষ্ঠ দিন সুবর্ণা মুস্তাফা ফোন করে মিলাকে একটি রবীন্দ্রসংগীত গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। শেষ পর্যন্ত মিলা তা আর শোনাতে পারেননি। মিলার গান অনুষ্ঠানের শেষ দিকে ‘ডিসকো বান্দর’ গানের কয়েকটি শব্দ নিয়ে একজন দর্শকের আপত্তিতে শিল্পীর উত্তেজিত হওয়ার কোনো কারণ ছিল কি? দর্শক-শ্রোতারাই তো গান শুনবেন, তাঁদের অনুভূতির কথা শোনা শিল্পীর দায়িত্ব। তা ইতিবাচক কিংবা নেতিবাচক—যা-ই হোক না কেন। তার পরও ঈদের ওই কয়টা দিন অনেক রাত পর্যন্ত জেগে জেগে পছন্দের শিল্পীদের গান শোনার মধ্যে ছিল অন্য রকম আনন্দ।