স্টুডিও হলে ‘মগজ সমাচার’ নাটকের দুটি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে নতুন নাটক মগজ সমাচার। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রথমটি সন্ধ্যা সাতটায়, দ্বিতীয়টি রাত সাড়ে আটটায়।একই দিনে দুটি প্রদর্শনী আয়োজন করার ব্যাপারে কথা হলো থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারীর সঙ্গে।তিনি বললেন, ‘এখন মিলনায়তন ভাড়া যতটা দিতে হয়, তার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞাপন খরচ, নাটকের আনুষঙ্গিক খরচ—টিকিট বিক্রি করে পুরোটা তুলে আনা সম্ভব হয় না। তাই একই দিনে দুটি প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শুরুতেই হয়তো দর্শকসংখ্যা ততটা বাড়বে না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই চিত্রটা পাল্টে যাবে।’তিনি জানান, নাটকটির দৈর্ঘ্য এক ঘণ্টা ১৫ মিনিট। তাই শিল্পীদেরও অভিনয়ের ক্ষেত্রে ততটা অসুবিধা হবে না।মগজ সমাচার নাটকের নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। কাল শুক্রবার একই জায়গায় এবং একই সময়ে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে।