স্টুডিওতে ভাবনার আউটপুট

ঝকঝকে নতুন স্টুডিও। রঙের ঘ্রাণ পাওয়া গেলে আরও ভালোভাবে বোঝা যেত এর নতুনত্ব। নতুন ধরনের চিন্তার উদ্গিরণ এর দেয়ালে দেয়ালে। নতুন ভাবনার একদল তরুণের শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠের তৃতীয় তলায় যাত্রা শুরু করল ওপেন স্টুডিও।
আজ শনিবার সন্ধ্যায় ছিল ‘শিল্পী আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৫ ’-এর দ্বিতীয় আবর্তন। এ পুরস্কারের জন্য মনোনীত দশ শিল্পীর শিল্পকর্ম নিয়েই প্রদর্শনী ওই দালানে। যে দালান জুড়ে এত দিন ছিল ঢাকা আর্ট সেন্টার, সেটার নিচ তলায় এখন প্রিন্টমেকিং স্টুডিও, দ্বিতীয় তলায় পাঠাগার ও তৃতীয় তলায় ওপেন স্টুডিও।
২০১৫ সালের এ পুরস্কারের জন্য আবেদন গ্রহণ করা হয় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত। নির্বাচিত শিল্পীরা হলেন, পারফরম্যান্সে আলী আসগর ও রিতু সাত্তার, আলোকচিত্র, চিত্রকলা, ড্রয়িং ও ভিডিও আর্টে মুহাম্মদ রফিকুল ইসলাম ও জিহান করিম, ছাপচিত্রে পলাশ বরন বিশ্বাস, ভিডিও স্থাপনাকর্মে পলাশ ভট্টাচার্য, চিত্রকলা, ডিজিটাল কোলাজে রাজীব দত্ত, স্থাপনাকর্মে রুপম রায়, আলোকচিত্রে সালমা আবেদিন ও শামসুল আলম।

স্টুডিওতে ঢুকতেই মেঝেতে মিলবে স্থাপনা, দেয়ালে ঝুলতে দেখা যাবে আলোকচিত্র। দেয়ালকেই কোথাও কোথাও করে তোলা হয়েছে ক্যানভাস। তিনটি ঘরে বড় পর্দায় চলছে ভিডিও আর্ট। তরুণ এ শিল্পীদের শিল্পমাধ্যমগুলো ভিন্ন ও স্বতঃস্ফূর্ত। বলতে হবে, রীতিমতো সাহস দেখিয়েছেন এই তরুণেরা। যান্ত্রিক নাগর জীবনের হতাশা, সামাজিক বৈষম্য ও অসংগতি, মানুষের সম্পর্কের জটিলতাগুলো স্টুডিও জুড়ে বিভিন্ন মাধ্যমে মূর্ত করে তুলেছেন। শিল্পভাষা নির্মাণের এক নতুনত্ব সৃষ্টির চেষ্টা রয়েছে তাঁদের। কেউ কেউ ঐতিহ্যগত শিল্পচর্চাকে ধারণাগত চর্চার মাধ্যমে প্রতিস্থাপন করেছেন। মনে হতে পারে, এসব তো নানা ভাবে আগেও বলা হয়েছে নানা মাধ্যমে। এ প্রসঙ্গে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার সব সময় রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেন। আজও বলছিলেন, ‘‘আমি বিধাতার মতো বেহায়া হয়ে একই কথা বারবার বলে যাব।’ তাতেই না নতুন ও বর্নিল কিছু সৃষ্টি হবে। প্রতি দিনের ও প্রতি বছরের বৃষ্টিপাত একই। কিন্তু তাতেও থাকে নতুনত্ব। অনলাইনে করা আবেদন থেকে এই শিল্পীদের বাছাই করেছেন শিল্পী ঢালী আল মামুন, মুনীরুজ্জামান, ওয়াকিল আহমেদ। তাঁরাও উপস্থিত ছিলেন পুরস্কার প্রদানের এ অনুষ্ঠানে। ঘুরে ঘুরে দেখেছেন প্রদর্শনী। প্রদর্শনীতে আরও এসেছিলেন শিল্পী রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, সাঈদা কামাল প্রমুখ।
অভিজ্ঞতালব্ধ জ্ঞানের পাশাপাশি এই শিল্পীদের পুঁজি আন্তর্জাতিক আলোচনার বিনিময় ও মেলবন্ধন, শিল্পচিন্তার বিশ্লেষণধর্মী প্রয়োগ, শিল্পকে জ্ঞান অন্বেষণের উৎসে পরিণত করার চেষ্টা। বৈচিত্র্যময় শিল্পচর্চা ও মেধায় বাংলাদেশের শিল্পচর্চার ক্রান্তিকালে তাঁরা সম্ভাবনাময়। প্রদর্শনী ঘুরে তরুণ শিল্পীদের কাজগুলো দেখে আসা যাবে আগস্ট মাসের ৬ তারিখ পর্যন্ত। স্টুডিও খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা।