স্টুয়ার্ট-প্যাটিনসনের কান রোমান্স
‘টোয়াইলাইট’ জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই সরব হলিউডের মিডিয়াপাড়া। কিন্তু এখন পর্যন্ত জনসমক্ষে নিজেদের প্রেমের স্বীকারোক্তি দেয়নি এ জুটি। তবে এবারের কান চলচ্চিত্র উত্সবে তাঁরা বেশ সাহসী অবস্থানই নিয়েছেন। প্রকাশ্যে একে অপরকে চুমু খেয়েছেন। মিরর জানিয়েছে, দুজনের প্রেম নিয়ে সবার যে সংশয় ছিল এ ঘটনায় তার অবসান ঘটল।এবারের কান উত্সবে প্রদর্শিত হচ্ছে স্টুয়ার্ট অভিনীত ‘অন দ্য রোড’ এবং প্যাটিনসন অভিনীত ‘কসমপোলিস’। এ জন্য এই দুই তারকাই উপস্থিত হয়েছেন সেখানে। সম্প্রতি লেস মার্চেস নৈশক্লাবে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। ক্লাবের বারান্দায় ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যায় দুজনকে। একপর্যায়ে সবার সামনেই একে অপরকে চুমু খান তাঁরা।উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোয়াইলাইট’ ছবিতে কাজ করার সময় থেকেই এই জুটির প্রেমের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।পরবর্তী সময়ে বিভিন্ন পানশালা আর অবকাশযাপন কেন্দ্রে এই জুটিকে দেখা যায়। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তাঁরা দুজনই একে অপরের বাড়িতেও গিয়েছেন। এত কিছুর পরও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেননি দুজন। অবশেষে কান উত্সবে প্রকাশ্যে চুমু খেয়ে অনানুষ্ঠানিকভাবে হলেও নিজেদের প্রেমের সম্পর্কের জানান দিলেন ২৬ বছর বয়সী প্যাটিনসন এবং ২২ বছর বয়সী স্টুয়ার্ট।