মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইশকুল। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করছেন স্বাগতা। কথা হলো তাঁর সঙ্গে। ‘ইশকুল’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমি তখন ঠাকুরগাঁওয়ে হূদি হকের পরিচালনায় দেয়াল নাটকের কাজ করছি। এদিকে ইশকুল নাটকের কাজও শুরু হয়েছে পাবনায়। শেষে ঠাকুরগাঁও থেকে পাবনায় এসে ইশকুল নাটকের শুটিংয়ে অংশ নিয়েছি। প্রথম দিন চার-পাঁচ ঘণ্টা ছিলাম। নাটকটির শুটিংয়ের এখন কী খবর?পাবনার কাজ শেষ। মারজুক রাসেলকে আমি বিয়ে করে ঢাকায় চলে এসেছি। এখন শুটিং হবে ঢাকায়। পাবনা থেকে শুটিং শেষ করে ঢাকায় ফেরার সময় ভুল করে অন্য ট্রেনে উঠেছিলাম। তখন ছিল অনেক রাত, তার ওপর বিদ্যুৎ ছিল না। পরে অন্য স্টেশনে নেমে পড়ি। স্টেশনে সারা রাত বসে ছিলাম। আমাদের ট্রেন এসেছিল সকালে। ‘দেয়াল’ নাটকের কাজ শেষ?হ্যাঁ, ঠাকুরগাঁওয়ে শুটিং করতে গিয়ে আমি তো অবাক! তার কিছুদিন আগে আমার তৃতীয় চলচ্চিত্র অশান্ত মন মুক্তি পায়। পরিচালক ছিলেন কাজী হায়াৎ। ঠাকুরগাঁও শহরে দেখি ছবিটির বড় বড় পোস্টার ঝুলছে। শুটিং শেষে মফস্বলের হলে গিয়ে নিজের অভিনীত ছবি দেখেছি। দেশ টিভির ‘রেডিও চকলেট’ নাটকে কেমন গান গাওয়া হচ্ছে?আমি তো সব সময়ই গান করি। কখনো নিজে গিটার বাজিয়ে গান করিনি। কিন্তু এই নাটকে গিটার বাজিয়ে গান করতে হবে। নাটকটির সহকারী পরিচালকের সহযোগিতা নিয়ে এ যাত্রায় রক্ষা পেয়েছি। তিনি আবার গিটার ভালো বাজান।