স্ট্যাটাস দেখে ভক্তকে টিকিট পাঠালেন নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট পাওয়ার পরের পোস্ট
টিকিট পাওয়ার পরের পোস্ট

‘বসগিরি’ ছবির টিকিট চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ঢাকার এলিফ্যান্ট রোডের এক তরুণী। সেই পোস্ট দেখে তাঁকে সিনেমার টিকিট পাঠিয়ে দিয়েছেন ছবির নায়ক শাকিব খান। এ ঘটনায় দারুণ বিস্মিত ও হতবাক হয়েছেন জান্নাতুল ফেরদৌস নামের ওই তরুণী।


গত রোববার রাতে নিজের ছবিসহ ফেসবুকে জান্নাতুল লেখেন, ‘টিকিট না পেয়ে হতাশ, কেউ কি দিবা “বসগিরি” দেখার টিকিট’। পোস্টটি দেখে ছবির পরিচালক শামীম আহমেদকে টিকিটের ব্যবস্থা করতে অনুরোধ জানান নায়ক শাকিব খান। পরে পরিচালক তাঁর সহকারীর মাধ্যমে ওই তরুণীকে চারটি টিকিট পাঠিয়ে দেন।

টিকিট পেয়ে বিস্মিত হন জান্নাতুল ফেরদৌস। আজ মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এত অবাক হয়েছি যে বলে বোঝানো যাবে না। সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী কোথাও টিকিট না পেয়ে গিয়েছিলাম ব্লক বাস্টারে। বাসা থেকে এত দূরে গিয়েও টিকিট না পেয়ে সত্যিই হতাশ হয়েছিলাম। এভাবে টিকিট পেয়ে খুব খুশি হয়েছি। কালই বন্ধুদের সঙ্গে নিয়ে “বসগিরি” ছবিটি দেখে আসব।’

টিকিট চেয়ে ফেসবুক পোস্ট
টিকিট চেয়ে ফেসবুক পোস্ট

টিকিট পাওয়ার পর রাত পৌনে একটায় নায়ক ও পরিচালককে ধন্যবাদ দিয়ে আরও একটি পোস্ট দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। তিনি জানালেন, নিয়মিত বাংলা সিনেমা দেখেন তিনি। মাল্টিপ্লেক্সের বদলে সাধারণ প্রেক্ষাগৃহে ছবি দেখতে পছন্দ করেন। তিনি মনে করেন, সাধারণ প্রেক্ষাগৃহে ছবি দেখার প্রকৃত আনন্দ পাওয়া যায়।