স্ট্যালোন-শোয়ার্জনেগার জুটি হওয়ার পেছনের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছবিতে অভিনয়ের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনার চেষ্টা চালিয়েছেন হলিউডের দুই ‘মাচো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন ও আর্নল্ড শোয়ার্জনেগার। কিন্তু ব্যাটে-বলে না মেলে নি। শেষপর্যন্ত দীর্ঘ ২০ বছরেও যা হয় নি, সেই মহার্ঘ সাক্ষাত্ বা তাঁদের আলোচনার সুযোগ মিলেছিল একটি সেলুনে কাকতালীয়ভাবে দেখা হওয়ার পর। এ প্রসঙ্গে আর্নল্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘২০ বছর ধরে আলোচনা করেও এক ছবিতে অভিনয়ের সুযোগ হয়নি আমাদের। বরাবরই কোনো না কোনো গোল বেধেছে। প্রায়ই আমরা দুজন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। আবার যখন আমাদের দুজনের হাতে সময় ছিল, তখন ভালো কোনো ছবির প্রস্তাব আসেনি। আবার আমরা রাজি থাকলেও নির্মাতারা চাননি আমাদের নিয়ে ছবি করার। এ রকম নানা কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে আমাদের।’আর্নল্ড জানিয়েছেন, ‘একদিন এক সেলুনে স্ট্যালোন তাঁর ‘এক্সপেন্ডেবলস’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের জন্য আমায় প্রস্তাব দিলেন। সেই সময়টাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করায় চলচ্চিত্র জগত্ থেকে দূরে ছিলাম। তার পরও প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলাম।’আর্নল্ড ছবিটিতে অভিনয়ের জন্য ছুটির দিনে কয়েক ঘণ্টা সময় বের করলেন, যাতে করে পেশাগত কাজের কোনো ক্ষতি না হয়। কোনো পারিশ্রমিক ছাড়াই ছবিটিতে অভিনয় করেন আর্নল্ড। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর ছবিটিতে আর্নল্ডের উপস্থিতি যথেষ্ট প্রশংসিত হলে পরের বছর ‘এক্সপেন্ডেবলস ২’ ছবিতে তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন স্ট্যালোন। ততদিনে গভর্নরের দায়িত্ব পালন শেষ করে অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছিলেন আর্নল্ড। কাজেই তিনি স্ট্যালোনের প্রস্তাবে রাজি হয়ে যান। এবারে ছোট চরিত্রে নয়, পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আর্নল্ড। এরই মধ্যে বুলগেরিয়ায় মাত্র চার দিনে নিজের অংশের শুটিং শেষ করেছেন।‘এক্সপেন্ডেবলস ২’ মুক্তি পাচ্ছে ১৭ আগস্ট। ছবিটি সম্পর্কে আর্নল্ড বলেন, ‘আমি নিশ্চিত, ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।’ তিনি মজা করে আরও বলেন, ‘সম্ভবত এরপর স্ট্যালোন আবার আমার কাছে আসবেন এবং তাঁর পরবর্তী ছবিতে অভিনয় করতে বলবেন।’প্রসঙ্গত, ‘দ্য টুম্ব’ ছবিতেও একসঙ্গেই দেখা যাবে আর্নল্ড ও স্ট্যালোনকে। মূলত স্ট্যালোনের অনুরোধেই ছবিটিতে আর্নল্ডকে অন্তর্ভুক্ত করেছেন এর প্রযোজকেরা। তিনি আর্নল্ডের সম্পৃক্ততা ছাড়া ছবিটিতে অভিনয় করবেন না বলে জানানোর পর চিত্রনাট্য পাঠানো হয়েছিল আর্নল্ডের কাছে। চিত্রনাট্য পছন্দ হওয়ায় ইতিবাচক সাড়া দেন ৬৫ বছর বয়সী এই ‘টার্মিনেটর’ তারকা। সবকিছু ঠিক থাকলে ২০১৩ সালে মুক্তি পাবে ‘দ্য টুম্ব’।