স্ট্যালোনের 'রিচ মি' ছবির ট্রেইলার প্রকাশিত

হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। এবার দুর্দান্ত কোনো অ্যাকশন ছবি নয়, ‘র্যাম্বো’ তারকা স্ট্যালোন অভিনয় করেছেন গল্পনির্ভর ‘রিচ মি’ ছবিতে। দলছুট সাবেক একজন ফুটবল কোচের লেখা বই থেকে ব্যক্তিগত নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন ভিন্ন পটভূমি থেকে আসা কয়েকজন মানুষ—এমন গল্প নিয়েই গড়ে উঠেছে ‘রিচ মি’ ছবির কাহিনি। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। সম্প্রতি এর ট্রেইলার প্রকাশিত হয়েছে।
‘রিচ মি’ ছবির পরিচালকের আসনে রয়েছেন ছোট ও বড় পর্দার নির্মাতা, অভিনেতা, প্রযোজক জন হার্জফেল্ড। ছবিটিতে স্ট্যালোনের সঙ্গে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন লরেন কোহান, থমাস জেন, টেরি ক্রুস, কেভিন কনোলি, কেলসি গ্রামার এবং টম বেরেঞ্জার। এ ছাড়া পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন রায়ান কোয়ান্টেন, কিরা সেজউইক, ড্যানি এইলো, ক্যারি এলওয়েস প্রমুখ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ডিজিটাল স্পাই।
‘রিচ মি’ ছবির আগে অবশ্য পুরোদস্তুর অ্যাকশন ছবিতে স্ট্যালোনকে দেখার সুযোগ পাচ্ছেন তাঁর ভক্ত ও দর্শকেরা। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘দ্য এক্সপেন্ডেবলস’ সিরিজের তৃতীয় ছবি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি যৌথভাবে এর চিত্রনাট্যও লিখেছেন স্ট্যালোন। ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’ ছবিতে আরও অভিনয় করেছেন আর্নল্ড শোয়ার্জেনেগার, হ্যারিসন ফোর্ড, মেল গিবসন, অ্যান্টোনিও ব্যান্ডেরাস, জেট লি প্রমুখ।