স্ত্রীকে 'খুন' করেছেন অ্যাফ্লেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গন গার্ল ছবির দৃশ্য
গন গার্ল ছবির দৃশ্য

পঞ্চম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সবচেয়ে বিস্ময়কর উপহার কী দেওয়া যায়? খুন!
কী সুখের সংসার ছিল তাঁদের! যেন হংসমিথুন। কিন্তু ভালোবাসার ঘর নাকি কাচ দিয়ে ঘেরা। বেশি চাপ তাই সইতে পারে না। পারিপার্শ্বিক চাপে যে ঘরে ভাঙন দেখা দিল। ভালোবাসা বড্ড পচনশীল। মমতার হিমশীতলতায় না রাখলে পচে যায়, গলে যায়। কিন্তু তাই বলে একেবারে খুন!
খুনই যে করেছেন, তা অবশ্য হলফ করে বলা যাচ্ছে না। বিবাহবার্ষিকীর জন্য যে ঘরে ফেরার তাড়া ছিল, হাতে যে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে এসেছিলেন, তা-ও নয়। কিন্তু বাড়িতে ফিরে এসে আবিষ্কার করেন, স্ত্রী নেই। কোথাও নেই! জলজ্যান্ত একটা মানুষ যে পুরোপুরি কর্পূরের মতো উবে গেল!
স্বাভাবিকভাবেই তদন্তে নামল পুলিশ। সেই তদন্ত করতে গিয়েই বেরিয়ে এল, সুখ নামের পরিপাটি দেয়ালটার আড়ালে অসুখের শ্যাওলা জমেছিল অনেক আগে থেকেই। দাম্পত্য সম্পর্কটা ঠিক স্বাভাবিক ছিল না। একসময়ের খুনসুটি রূপ নিয়েছিল কদর্য কলহে।

বেন অ্যাফ্লেক
বেন অ্যাফ্লেক


শুরু হয়ে গেল মিডিয়ার শোরগোল। তাঁর দিকেও উঠল সন্দেহের আঙুল। স্ত্রী কি আসলেই নিরুদ্দেশ? নাকি তাঁকে স্রেফ গুম করে ফেলা হয়েছে? তবে কি নিক ডানই স্ত্রী-হন্তারক!
সবকিছু কি তালগোল পেকে যাচ্ছে? ভাবছেন, বেন অ্যাফ্লেকের কেচ্ছা পড়তে এসে এ কোন নিক ডানের কাহিনি! বিভ্রান্ত হবেন না। ডানই আসলে অ্যাফ্লেক। নতুন মিস্ট্রি থ্রিলার গন গার্ল-এ ডানের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন অ্যাফ্লেক। অস্কারজয়ী আরগো থেকেই অ্যাফ্লেকের ক্যারিয়ারটা ঊর্ধ্বমুখী। সেটাই আরেকটি উচ্চতায় নিয়ে গেল গন গার্ল।
এ মাসের শুরুতে মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস মাতিয়ে রেখেছে ছবিটি। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, স্ত্রীর রহস্যময় অন্তর্ধান, সন্দেহের চোরাবালি—সব মিলিয়ে জমাটি এক গল্প। গিলিয়ান ফ্লিনের বিশ্বজুড়ে সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। ছবিটি দেখে ফ্লিন নিজে মন্তব্য করেছেন, লেখার সময় তিনি যে দৃশ্যগুলো কল্পনা করেছেন, তার চেয়েও বাস্তবভাবে গল্পটা সেলুলয়েডে বন্দী হয়েছে।
সবই না হয় বোঝা গেল। কিন্তু অ্যাফ্লেক স্ত্রীকে ‘খুন’ করলেন কোন যুক্তিতে, সে কি শুধুই ছবির গল্পে? না! বরং বাজারে যা গুঞ্জন, সেটার কানাকড়িও সত্যি হলে, অ্যাফ্লেক খুন করেছেন, রক্তাক্ত করেছেন জেনিফার গার্নারের হৃদয়ও!
এই ছবিতে অ্যাফ্লেকের সঙ্গে অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে দেখা গেছে এমিলি রাতাইকভস্কিকে। ব্রিটেনে জন্ম নেওয়া মার্কিন এই মডেল ও অভিনেত্রীই নাকি অ্যাফ্লেকের সত্যিকারের জীবনের গল্পেও জড়িয়ে গেছেন ভীষণভাবে। মার্কিন গায়ক রবিন থিকের মিউজিক ভিডিও ‘ব্লার্ড লাইনস’ দিয়ে আলোচনায় আসা ২৩ বছর এমিলিই নাকি বেন অ্যাফ্লেক-জেনিফার গার্নারের প্রায় এক দশকের সুখের সংসারে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন। স্টার সাময়িকীর তথ্য সত্যি হলে, অ্যাফ্লেক শিগগিরই বিবাহবিচ্ছেদের মুখে পড়তে যাচ্ছেন!
শুটিং চলার সময়ে তো বটেই, ছবির প্রচারণায়ও ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ ভঙ্গিতে দুজনকে মেলামেশা করতে দেখা গেছে। যদিও অ্যাফ্লেকের কাছের সূত্রগুলো এই বলে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, কেবলই ছবির স্বার্থেই এই ‘অন্তরঙ্গতা’, গার্নারের মুখপাত্রও দাবি করেছেন, এসব গুজবে এই অভিনেত্রীর বিন্দুমাত্র বিশ্বাস নেই। কিন্তু একটা ‘কিন্তু’ থেকে যাচ্ছে।
জেনিফার গার্নারেরই কাছের একটি সূত্র বলছে, অ্যাফ্লেককে গার্নার পাগলের মতো ভালোবাসেন। আর এই চরম ভালোবাসাই কাল হয়ে দেখা দিতে পারে। গুঞ্জনগুলোর এক কণাও যদি সত্যি হয়, সরাসরি বিচ্ছেদের পথে হাঁটবেন গার্নার। আর সেটা হবে হলিউডের সবচেয়ে কদর্য আইনি লড়াইয়ের বিচ্ছেদগুলোর একটি।
দীর্ঘদিন ধরে হলিউডের আদর্শ দম্পতির প্রতিচ্ছবি হয়ে থাকা এই জুটির ভক্তরা অবশ্য একটা কথাই বলবেন: বালাই ষাট!
রাজীব হাসান
হলিউড লাইফ অবলম্বনে