
অপরিকল্পিত স্থাপনার কারণে এখনকার সিলেট শহর হারিয়েছে নান্দনিক সৌন্দর্য। অসহনীয় মাত্রায় বাড়ছে যানজট। ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়ক। শহরের বুক চিরে প্রবাহিত সুরমা নদী আর ছড়া-খালের আশপাশ দখল-দূষণে হয়েছে বিপর্যস্ত। তবে এসব দূর করে পরিকল্পনামাফিক তৈরি করা যেতে পারে এক অপূর্ব সবুজ-শ্যামল সিলেট। আর সেটাই তুলে ধরা হয়েছে ‘আগামী সিলেট’ শীর্ষক স্থাপত্য প্রদর্শনীতে।
নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে গত বুধবার থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসবের শুরুর দিন থেকেই কুশিয়ারা কলোনেডে এ প্রদর্শনী চলছে। উৎসবের পাশাপাশি এ প্রদর্শনীও চলবে ৩ মার্চ পর্যন্ত। স্থাপত্য ও শিল্পের বুননে তৈরি করা এ প্রদর্শনীতে প্রতিদিনের মতো গতকাল রোববারও ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা জানিয়েছেন, নগরের অন্তত ২২টি সমস্যাকে চিহ্নিত করে সেসব দূর করতে কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসবই প্রদর্শনীতে নকশা, পরিকল্পনাসহ দেখানো হয়েছে।
গতকাল বিকেলে প্রদর্শনী ঘুরে দেখা গেছে, নগরের পুরোনো জেল, মুক্তিযোদ্ধা চত্বর, ত্রিমুখী, হাফিজ কমপ্লেক্স, কাজিরবাজার মোড়, শাহপরান চত্বরসহ নগরে প্রবাহিত সুরমা নদী ও নয়টি ছড়ার (পানি সরবরাহের খাল) বর্তমান অবস্থাকে পরিকল্পিতভাবে আধুনিক স্থাপত্যের মাধ্যমে নিয়ে এসে শহর সিলেটকে একটি অগ্রগণ্য নগরে রূপ দেওয়ার জন্য পরামর্শ, সুপারিশ ও নকশা উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া নগরে কনভেনশন সেন্টার ও আর্ট ক্যাম্পাস, শিশুদের পার্ক, জলজ উদ্যান, ইকোলজিক্যাল পার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণেও গুরুত্বপূর্ণ পরামর্শ ও ভবিষ্যৎ শহরের রূপরেখা ফেস্টুনে লিখে রাখা হয়েছে। স্থপতি কাজী খালিদ আশরাফের নেতৃত্বে শহরের এ রূপরেখা তৈরি করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
গতকাল উৎসবের পঞ্চম দিনে যথারীতি সন্ধ্যার পর থেকে দর্শনার্থীরা সারি বেঁধে নগরের মাছিমপুর এলাকায় উৎসবস্থলে ঢুকতে থাকেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সৈয়দ মুজতবা আলী মঞ্চে কালি ও কলম সাহিত্য পত্রিকার উদ্যোগে তৃতীয় দিনের মতো সাহিত্য সম্মেলন শুরু হয়।
সাহিত্য সম্মেলনের সমাপনী এ দিনটিতে তিনটি অধিবেশনে কবিতাপাঠ অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে কবি রবিউল হুসাইন, রুবী রহমান ও আশিস সান্যাল। বাংলাদেশ, ভারতের বিভিন্ন অঞ্চল ও নেপালের ৩০ জন কবি এসব পর্বে অংশ নেন। সবশেষে বেলা চারটায় সমাপনী বক্তব্যে কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত বলেন, ‘সৃজন ও স্বরূপের সন্ধানের প্রত্যয় সামনে রেখে এই তিন দিনে সাহিত্য বিষয়ে আমরা আলোচনা ও ভাববিনিময় করেছি। আমি বিশ্বাস করি, এই ভাববিনিময় সম্মিলন আমাদের ভাবনার বৃত্ত ও মননকে সম্প্রসারিত করেছে।’
কবিতাপাঠে অংশ নেন কবি আসাদ চৌধুরী, মুহাম্মদ সামাদ, হাবীবুল্লাহ সিরাজী, আবুল মোমেন, আনিসুল হক, আলতাফ হোসেন, শিহাব সরকার, তারিক সুজাত, রাতুল দেববর্মণ, মন্দাক্রান্তা সেন, শতরূপা সান্যাল, কৃষ্ণ প্রাসাই, ইকবাল হাসান, টোকন ঠাকুর, ওবায়েদ আকাশ, শাহনাজ নাসরীন, বীথি চট্টোপাধ্যায়, সাকিরা পারভীন, মারুফুল ইসলাম, হেনরী স্বপন, জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, আহমেদ মুনির, পিয়াস মজিদ, আসমা বীথি ও ফজলুর রহমান বাবুল।
সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দর্শনার্থীরা সারি বেঁধে উৎসবস্থলে ঢুকছিলেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে প্রথমেই নীলাঞ্জনা দাশের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ‘দ্রোহকাল’ পরিবেশিত হওয়ার কথা রয়েছে। এরপর সরোদ বাদনে অংশ নেওয়ার কথা রাজরূপা চৌধুরীর। পরে মঞ্চে ওঠার কথা রয়েছে শিল্পী লাইসা আহমদ লিসা ও প্রখ্যাত পালাকার কুদ্দুস বয়াতীর।