
কথোপকথন হচ্ছিল ইকবাল হাবিব ও অপি করিমের মধ্যে। প্রথমজন স্থপতি, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও স্থাপত্যবিদ্যার শিক্ষক। কথোপকথনের কথাগুলো তাঁদের নয়। বাংলাদেশের খ্যাতিমান স্থাপত্যশিল্পী প্রয়াত মাজহারুল ইসলামের সাক্ষাৎকার পাঠ করছিলেন তাঁরা। জীবদ্দশায় স্নেহভাজন অনুজদের সঙ্গে আড্ডা দিতেন তিনি। কথা হতো নানা বিষয়ে। সেসবই টুকে রেখেছিলেন অনুজেরা। কিছুদিন আগে সেগুলো নিয়েই অ্যান আর্কিটেক্ট ইন বাংলাদেশ কনভারসেশন উইথ মাজহারুল ইসলাম নামের একটি বই প্রকাশিত হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে ছিল বইটির পাঠ উন্মোচন। বলা যায়, প্রয়াত স্থাপত্যশিল্পীর কথামালা নিয়েই এই আড্ডা। ঘরোয়া আয়োজনে মাজহারুল ইসলাম ও তাঁর জীবনদর্শন নিয়ে কথা ও আড্ডা হয় তাঁর স্নেহধন্য কয়েকজনের। এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম, সোনিয়া আমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব, বইটির প্রকাশক এহসান খানসহ আরও অনেকে। মাজহারুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল হক ও কাজী খালিদ আশরাফ। গতকালের আড্ডায় মাজহারুল ইসলামের সঙ্গে কিছু স্মৃতিও তুলে ধরেন তাঁরা।
আড্ডার ছিল চারটি ভিন্ন ভিন্ন পর্ব। প্রতি পর্ব শুরু হয় বইটি থেকে কথোপকথন পাঠের মধ্য দিয়ে। এরপর উপস্থিত অতিথিরা কথা বলেন মাজহারুল ইসলামকে নিয়ে। যাঁদের সঙ্গে দেখা-সাক্ষাৎ-পরিচয় ছিল, তাঁরা করেন স্মৃতিচারণা। অন্যরা ভাগাভাগি করেন বইপাঠের অভিজ্ঞতার কথা।
চট্টগ্রামে ‘মামুনুর রশীদ: থিয়েটারের পথে’ বইয়ের প্রকাশনা উৎসব
ঢাকায় আনুষ্ঠানিক প্রকাশনা উৎসবের পর আজ শুক্রবার মামুনুর রশীদ: থিয়েটারের পথে বইটির প্রকাশনা উৎসব হচ্ছে চট্টগ্রামের বাতিঘর বুকস্টলে। মামুনুর রশীদের জীবনচরিত ও দুই শতাধিক প্রাসঙ্গিক ছবি নিয়ে এই কফি টেবিল বইটি রচনা করেছেন ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার। বইটি প্রকাশ করেছে বাংলা পাবলিকেশনস। প্রকাশনা উৎসবে উপস্থিত পাঠক ও অতিথিদের সঙ্গে আজ আলোচনায় অংশ নেবেন বইটির লেখকদ্বয়, ইংরেজি অনুবাদক ও মামুনুর রশীদ।