স্থাপত্যে প্রকৃতির সঙ্গে সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রফিক আজমের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে (বাঁ থেকে) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও স্থপতি রফিক আজম ষ প্রথম আলো
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রফিক আজমের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে (বাঁ থেকে) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও স্থপতি রফিক আজম ষ প্রথম আলো

বাড়ির মধ্যে গোস্সাঘর। রাগ হলে, সেখানে গিয়ে বসার জন্য এই ঘর। একটি ঘর বৃষ্টির, আরেকটি হাওয়ার। প্রতি তলায় একগুচ্ছ সবুজ। ছাদে পুকুর। শহরের মধ্যেই নিজের বাড়িতে এসব একসঙ্গে থাকবে। না, কোনো কল্পলোকের কথা নয়। স্থপতি রফিক আজম একটি ভবনেই প্রকৃতি আর বসতির এই সম্মিলন ঘটিয়েছেন। তিনি চান পুরো শহরটাই এমন হোক।
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি রফিক আজমের রফিক আজম: আর্কিটেক্ট ফর গ্রিন লিভিং গ্রন্থের প্রকাশনা উৎসবে এসব বর্ণনা তুলে ধরা হয়। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানে রফিক আজম তাঁর ভবন নকশার ধরন তুলে ধরতে গিয়ে দেখান, বাংলায় ছয় ঋতুর ছয় চরিত্র। ঋতু বদলের সঙ্গে রোদ, বৃষ্টি আর হাওয়ার বদল তার নকশা করা ভবনের রং-রূপ বদলে দেয়।
বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির প্রকাশনা সংস্থা স্কিরার যৌথভাবে বইটি প্রকাশ করেছে। বইয়ের প্রকাশনা উপলক্ষে বাংলা একাডেমিতে বেঙ্গল ফাউন্ডেশন ও স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান সাতত্য যৌথভাবে বৃহস্পতিবার ‘বাংলাদেশে সবুজ স্থাপত্যকলা: বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে সহায়তা দেয় এশিয়ান পেইন্ট।
সেমিনারে প্রধান বক্তা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে রফিক আজমের স্থাপত্য নকশার সংযোগ দেখে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন। বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা ঢাকা শহরের ঐতিহ্যগত সৌন্দর্য ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সূচনা বক্তব্য শেষে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, স্কিরার ইন্টারন্যাশনাল কমিশনসের সম্পাদক রোজা মারিয়া ফালভো, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ আহমেদ, এশিয়ান পেইন্টসের কান্ট্রি হেড অরূপ চ্যাটার্জি।
সেমিনার পর্বে সারা বিশ্বের ‘গ্রিন আর্কিটেকচার’ নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে তা নিয়ে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার স্থপতি পিটার স্টাচবারি. অধ্যাপক ফিলিপ গোড, ভারতের স্থপতি ক্রিস্টোফার বেনিনজার ও বাংলাদেশের স্থপতি শামসুল ওয়ারেস, লেখক মনজুরুল ইসলাম ও রফিক আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশি স্থপতি কাজী খালিদ আশরাফ। মারা কোরাদ্দি ও রবার্ট রনচি পরিচালিত রফিক আজমের স্থাপত্যকর্ম ও সাক্ষাৎকারভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এ ছাড়া গতকাল শুক্রবার রফিক আজমের কাজ নিয়ে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে প্রদর্শনী ‘ওয়াটার ইন লাইট’ নামের বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। প্রদর্শনীতে রয়েছে তাঁর কাজের বেশ কিছু নমুনা।
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
ছুটির দিন বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার। গতকাল শুক্রবার ত্রয়োদশবারের মতো এই পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। ২০১৩ সালের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে পাঁচটি বিভাগে। এ ছাড়া একাত্তরে জামালপুর জেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বশির আহমেদকে দেওয়া হয়, ‘কিশোর মুক্তিযোদ্ধা সম্মাননা’।
এম নুরুল কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন রোকেয়া কাদেরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নুরুল কাদেরের ছেলে ওমর কাদের খান।
এবার প্রচ্ছদ ও অলংকরণ বিভাগে পুরস্কার পেয়েছেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, গল্প ও উপন্যাস বিভাগে আখতার হুসেন, ছড়া ও কবিতা বিভাগে আলম তালুকদার, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বিভাগে হুমায়ুন কবীর ঢালী এবং সাধারণ গদ্য বিভাগে কাজী মহম্মদ আশরাফ।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে প্রধান অতিথি শিল্পী কাইয়ুম চৌধুরী ক্রেস্ট তুলে দেন এবং বিশেষ অতিথি সাংবাদিক আবেদ খান তাঁদের হাতে সনদ তুলে দেন। এ ছাড়া চিত্রাঙ্কন ও বই পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চার হাজার শিক্ষার্থীর মধ্যে ৯৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।