স্থাপনাশিল্প 'শব্দ কল্প চিত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে ‘শব্দ কল্প চিত্র’ শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে ‘শব্দ কল্প চিত্র’ শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে বাংলাদেশের জন্ম থেকে আজকের বাংলাদেশ—ইত্তেফাক-এর পথচলার খণ্ড খণ্ড চিত্র ফুটে উঠেছে স্থাপনাশিল্পে। উঠে এসেছে ইত্তেফাক-এর ৬৩ বছরের গতিধারা। ইত্তেফাক-এর ৬৪ বছরে পদার্পণ উপলক্ষে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’কে উপজীব্য ধরে ‘শব্দ কল্প চিত্র’ শীর্ষক স্থাপনাশিল্প প্রদর্শনী শুরু হয়েছে।

সংবাদপত্রের পাতাকে অবলম্বন করে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন ইতিহাসের অংশ হয়ে যাওয়া বিভিন্ন সংবাদচিত্র। ফুটে উঠেছে ঐতিহাসিক সব হেডিং। বায়ান্নর ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা এবং সবশেষে স্বাধীনতা।

গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নারীনেত্রী ও জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক মিয়ার কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রাম থেকে ইত্তেফাক-কে আলাদা করা যাবে না। পত্রিকাটি আমাদের স্বাধীনতার সঙ্গী হয়ে আছে।’ তরুণ শিল্পীরা ইত্তেফাক-এর দীর্ঘ প্রকাশনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চেয়েছেন। একদিকে দেশের রাজনৈতিক আন্দোলন, অপরদিকে সে আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা। ‘অপরাজেয়’, ‘রাজারবাগের সংবাদ’, ‘পদক্ষেপ’, ‘চরমপত্র (একাত্তরের অস্ত্রহীন যুদ্ধ)’, ‘খুদে বার্তা’, ‘পটচিত্র’, ‘বিনোদিনী’, ‘সংবাদের রাজ্য’, ‘আদর্শলিপি’ ইত্যাদি শিরোনামে শিল্পীরা তুলে ধরেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্ব এবং ইত্তেফাক-এর ভূমিকার কথা।

প্রদর্শনীর কিউরেটর ছিলেন শিল্পী অভিজিৎ চৌধুরী।

প্রদর্শনী চলবে কাল শনিবার পর্যন্ত। আজ শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে।