
তখন ঝিরঝিরে বৃষ্টি। ঘড়িতে ঠিক ৫টা ২০ মিনিট। লাউড স্পিকার থেকে ভেসে আসা শব্দে সচকিত হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সেই আওয়াজ অনুসরণ করে দর্শক এগিয়ে গেল। একাডেমির নন্দন চত্বরে ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তারা দেখল বিভীষিকাময় ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার ওপর নির্মিত ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শিল্প স্থাপনা প্রদর্শনী।
সেদিন বিকেল ৫টা ২০ মিনিটে এই হামলা হয়। সে কথা মনে রেখে শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার ঠিক বিকেল ৫টা ২০ মিনিটে এই প্রদর্শনী শুরু হয়। আলো, শব্দ আর বিভিন্ন অনুষঙ্গের মাধ্যমে ২০০৪ সালে আওয়ামী লীগ অফিসের সামনে জনসভায় গ্রেনেড হামলা এবং হামলার পর যেসব নারকীয় ঘটনা ঘটে, সেই দৃশ্য দেখানো হয়।
সোমবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খান। শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর পরিকল্পনায় এই স্থাপনাশিল্পে শিল্পী অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ১৯ জন তরুণ শিল্পী শিল্প স্থাপনা নির্মাণসহ প্রদর্শনী আয়োজনের বিভিন্ন কাজে অংশ নিয়েছেন।
‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ পর্বে স্থিরচিত্র নিয়ে দুই মিনিটের ভিডিও ক্লিপ উপস্থাপন করা হয় প্রদর্শনীতে। থেমে থেমে রাত ১০টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। আজ ও আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনী।