স্থাপনাশিল্পে ২১ আগস্টের বিভীষিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক এ প্রদর্শনীর ঘোষণা দেন লিয়াকত আলী লাকী। ছবি প্রথম আলো
শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক এ প্রদর্শনীর ঘোষণা দেন লিয়াকত আলী লাকী। ছবি প্রথম আলো

২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে স্থাপনাশিল্প। শিল্পী অভিজিৎ চৌধুরী ও এক দল তরুণ শিল্পীর অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণে সোমবার আয়োজিত হচ্ছে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক এ প্রদর্শনী। ওই দিন বিকেল ৫টা ২০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের পাশের উন্মুক্ত সড়কের ১০ হাজার বর্গফুট জায়গায় প্রদর্শিত হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি শনিবার শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ এ প্রদর্শনীর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তথ্য জানান কিউরেটর অভিজিৎ চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও চারুকলা বিভাগের পরিচালক মনিরুজ্জামান।
শিল্পী অভিজিৎ চৌধুরী বলেন, সাতটি ভাগে ভাগ করে এ স্থাপনাশিল্পের মাধ্যমে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা সবার সামনে তুলে ধরা হবে। শেখ হাসিনাকে বাঁচাতে মানবপ্রাচীর, রক্তের স্রোতোধারা, পদচিহ্ন-প্রতিবাদ, আইভি রহমান, জজ মিয়া নাটক, আলামত উপস্থাপন ও বিভিন্ন হাসপাতালে নিহত আর আহত ব্যক্তিদের আহাজারির পাশাপাশি ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ নামের একটি ভিডিও চিত্রের মাধ্যমে সেদিনের বীভত্সতা তুলে ধরা হবে। শব্দ আর আলোর প্রক্ষেপণে এ স্থাপনাশিল্পকে আরও প্রাণবন্ত করা হবে। সব মিলিয়ে ১৯ জন শিল্পী এর পেছনে কাজ করছেন।
২০০৪ সালের ২১ আগস্ট; বিকেল ৫টা ২০ মিনিট। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শেষের ঠিক আগ মুহূর্তে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছোড়া হয় গ্রেনেড। প্রাণ হারান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৩ জন।