স্নাতকের আগেই সফল!

বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গই এর সবচেয়ে বড় প্রমাণ। জীবনে সফল হতে হলে প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাগবেই, এমন কোনো কথা নেই; বরং অনেকের কাছেই প্রাতিষ্ঠানিক ডিগ্রি স্রেফ ঠুনকো কাগজমাত্র। বলিউডেও খুঁজলে এমন অনেককেই পাওয়া যাবে, শিক্ষাজীবন শেষই করা হয়নি যাঁদের। স্নাতক সম্পন্ন করার আগেই যাঁরা ছেড়ে দিয়েছেন লেখাপড়া।
কারিনা কাপুরই তাঁদের মধ্যে সবার সামনে। মাত্র ২০ বছরে ক্যারিয়ার শুরু করা কারিনা দুই বছর বাণিজ্য নিয়ে পড়েছেন। এরপর সরকারি আইন কলেজেও ভর্তি হয়েছিলেন।
ঐশ্বরিয়া রাই ছিলেন মাঝারি মানের ছাত্রী। এক বছর জয় হিন্দ কলেজে পড়ার পর স্থাপত্য নিয়ে পড়ার জন্য অন্য কলেজে চলে যান। তখনই মডেলিংয়ের জন্য প্রস্তাব পেতে থাকায় পড়াশোনা শিকেয় ওঠে।
বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনা ছেড়ে বলিউডে পা বাড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন।
পড়াশোনা শেষ করলে অপরাধ মনোবিদ্যার বিশেষজ্ঞ হতে পারতেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু খটমট এই বিষয় নিয়ে পড়ার বদলে অভিনয়েই মজা খুঁজে পেয়েছিলেন। কারিনার বড় বোন কারিশমার ক্যারিয়ার তো শুরু হয়েছিল আরও কম বয়সেই। শোনা কথা, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নাকি পড়াশোনা করেছেন কারিশমা! টিএনএন।