স্নুপ ডগের নরওয়ে প্রবেশে দুই বছরের নিষেধাজ্ঞা
সম্প্রতি নরওয়ে প্রবেশের ক্ষেত্রে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন র্যাপ সংগীতশিল্পী স্নুপ ডগের ওপর। এ বছরের জুন মাসে তিনি নরওয়ে প্রবেশের সময় গাঁজাসহ ধরা পড়েছিলেন। এ সময় নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অর্থ বহন করছিলেন তিনি। এ দুই অপরাধের জন্য তাঁকে জরিমানা করা হয়েছিল সাড়ে পাঁচ হাজার পাউন্ড। আর এবার ওই দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পেলেন তিনি। এক খবরে জানিয়েছে বিবিসি।হোভ সংগীত উত্সবে যোগ দিতে গত মাসে নরওয়ে আসেন স্নুপ ডগ। সেখানকার জেভিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর কাছে আট গ্রাম গাঁজা পায়। এ ছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি নগদ অর্থ ছিল তাঁর কাছে। স্নুপ ডগ দুটি অপরাধই স্বীকার করে নেন। এ পরিপ্রেক্ষিতে তাঁকে ৫২ হাজার ক্রোনার বা সাড়ে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হয়। ৪০ বছর বয়সী এই শিল্পীর আইনজীবী জানিয়েছেন, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো পরিকল্পনা আপাতত নেই স্নুপ ডগের। এই নিষেধাজ্ঞা স্নুপ মেনে নেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁর আইনজীবী। এর আগে চলতি বছরের জানুয়ারিতে টেক্সাসে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন স্নুপ ডগ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।