স্নুপ ডগের সঙ্গে গাইবেন বাপ্পী লাহিড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত এবং মার্কিন মুলুকের সংগীতশিল্পীদের মেলবন্ধনের ঘটনা এখন আর নতুন কোনো বিষয় নয়। হরহামেশাই পৃথিবীর এই দুই প্রান্তের সংগীতশিল্পীরা মিলে গান গাইছেন, অ্যালবাম প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় এবারে ‘বাবালু’ শিরোনামের একটি ইংরেজি গানে কণ্ঠ দিচ্ছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী স্নুপ ডগ এবং ‘ডিসকো ড্যান্সার’খ্যাত ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পী লাহিড়ি। সম্প্রতি বাপ্পী লাহিড়ির উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে—এ প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে বাপ্পী জানিয়েছেন, ‘সবেমাত্র যুক্তরাষ্ট্রে “উ লা লা” ট্যুর শেষ করলাম। এর চেয়েও যে বিষয়টি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত সেটা হলো, স্নুপ ডগের সঙ্গে গান করছি আমি। “বাবালু” ড্যান্স ট্র্যাকে আমার সঙ্গে কণ্ঠ দিচ্ছেন স্নুপ ডগ।’বাপ্পী আরও জানিয়েছেন, ‘নতুন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন যোগব্যায়াম গুরু বিক্রম চৌধুরী। শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। এর পরপরই গানটি আন্তর্জাতিক বাজারে ছাড়া হবে।’ উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ কিং’ ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন স্নুপ ডগ।