স্পট ফিক্সিংয়ে জড়িতদের সাজা চান অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিন্দু দারা সিং ও অক্ষয় কুমার
বিন্দু দারা সিং ও অক্ষয় কুমার

ক্রিকেটের স্পট ফিক্সিং নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও চলছে তোলপাড়। বলিউডের অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি এই স্পট ফিক্সিংয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
অক্ষয় কুমারের সঙ্গে ‘সন অব সর্দার’সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা বিন্দু দারা সিং। প্রখ্যাত কুস্তিগির ও অভিনেতা প্রয়াত দারা সিংয়ের ছেলে বিন্দু গ্রেপ্তার হয়েছেন স্পট ফিক্সিং মামলায়। সম্প্রতি স্পট ফিক্সিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকৃত অপরাধীকে সাজা প্রদানের দাবি তুলেছেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয়।
এ প্রসঙ্গে অক্ষয় মন্তব্য করেছেন, ‘যেই দোষ করুক না কেন সাজা তাঁকে পেতেই হবে। আমি নিশ্চিত, ভারতে বিদ্যমান আইন অনুযায়ী অপরাধীর সাজা নিশ্চিত করা হবে। আমার বিশ্বাস, আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তা থেকে সবাই উপকৃত হবেন।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই অ্যাগেইন’ ছবির প্রোমো। এর শুরুতেই দেখা গেছে একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য। এ প্রসঙ্গে অক্ষয় জানিয়েছেন, ‘মাস তিনেক আগে এই দৃশ্যটির শুটিং করা হয়েছিল। ছবির কাহিনির প্রয়োজনেই ছবিতে এই দৃশ্যটি রাখা হয়েছে। এমন নয় যে, সম্প্রতি স্পট ফিক্সিং নিয়ে তোলপাড় ওঠার পর এই দৃশ্যটি ধারণ করা হয়েছে।’

ছবিটিতে খল চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। মিলন লুথারিয়া পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমরান খান, সোনাক্ষী সিনহা, সোনালি বেন্দ্রে প্রমুখ। বালাজি মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৮ আগস্ট।